
মোবাইল ফোনের ডিসপ্লে, টেলিভিশন কিংবা মনিটরে বিঘ্ন ঘটতে দেখেছেন কখনো? তাহলে পিক্সেল ব্যাপারটা বোঝানো যাবে। এ হচ্ছে হাজারো ক্ষুদ্র ক্ষুদ্র বর্গাকৃতির রং, যা নিয়ে তৈরি হয় ছবি। এই ক্ষুদ্র কণাগুলোই ডিজিটাল ছবি তৈরি করে। মনিটর বা ফোনের ডিসপ্লের বদলে তরুণ শিল্পী রত্নেশ্বর সূত্রধর অ্যাক্রেলিক, জল ও তেলরঙে সেসব এঁকেছেন ক্যানভাস ও কাগজে। সেই ছবিগুলো নিয়েই এই চিত্রকরের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘পিক্সেল এরর’। ১ অক্টোবর বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-১-এ এই প্রদর্শনী উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। উপস্থিত ছিলেন চিত্রশিল্পী জামাল আহমেদ, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন প্রমুখ।
প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট ২৩টি ছবি। এর অনেকগুলো শুধুই জলরঙে আঁকা। তবে পিক্সেল সিরিজের ছবিই বেশি। গ্যালারিতে ঢুকলে চোখ আটকে যাবে ‘স্টোরি অব ১৯৭১’ ছবিটিতে। তাতে পিক্সেলের ধারণা নিয়ে আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখ। প্রতিটি পিক্সেলেই একজন করে মানুষের মুখ। যেভাবে বহুপ্রাণের আত্মত্যাগে পাওয়া গেছে স্বাধীনতা, ছবিটি তারই সাক্ষ্য বহন করে।
গতকাল মঙ্গলবার চলছিল চারুকলার নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা। পটকার আওয়াজ আর চিৎকারের মধ্যেই শিল্পী রত্নেশ্বর সূত্রধর জানান, এর আগে অনেকগুলো যৌথ প্রদর্শনীতে তাঁর ছবি প্রদর্শিত হয়েছে। একক প্রদর্শনী এটাই প্রথম। জীবনের নানা অভিজ্ঞতা আর প্রতিক্রিয়ার সঙ্গে সাযুজ্য রেখেই স্কয়ার পিক্সেলের এই আয়োজন তিনি করেছেন।
আজই প্রদর্শনীর শেষ দিন। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঘুরে আসা যাবে গ্যালারি।