রংতুলিতে পুনর্নির্মাণ

আস্ত এক বেলচা আটকানো ক্যানভাসের সঙ্গে। নিচে একটি হাত। পাশে আরও একটি উল্লম্ব বেলচার ওপর বসানো একটি মাথা। কাজটির নাম ‘বায়োগ্রাফি অব ওয়ার্কার’। উত্তর বাড্ডার গ্যালারি অ্যাথেনায় ঢুকতেই চোখে পড়ে এই শিল্পকর্ম। শিল্পী খালিদ মাহমুদ মিঠু তাঁর এই কাজের মধ্যে দিয়ে তুলে ধরেছেন শ্রমজীবী মানুষের জীবনচর্যা। ১৮ এপ্রিল থেকে এখানে শুরু হয়েছে তাঁর একাদশতম একক শিল্পকর্ম প্রদর্শনী।
‘ডিকনস্ট্রাকটিং’ নামের এই একক প্রদর্শনী হচ্ছে ছয় বছর পর। অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম, স্থাপনা ও ছাপচিত্র মিলিয়ে বিভিন্ন মাধ্যমের শতাধিক কাজ দর্শকদের সামনে উপস্থাপন করেছেন খালিদ মাহমুদ এই প্রদর্শনীতে। চলবে আগামী ১৫ মে পর্যন্ত।
সংখ্যায় বিপুল, বিষয়ে বৈচিত্র্যময় এই প্রদর্শনীর কাজগুলোকে তিনটি প্রধান ভাগে ফেলা যায়। গ্যালারির পূর্ব পাশের দেয়ালজুড়ে আছে প্রায় অর্ধশত মিনিয়েচারের আঙ্গিকে করা ছোট আকারের কাজ। এর কোনোটিতে অবয়ব বা আকৃতির প্রচ্ছন্ন আভাস মিললেও প্রাধান্য পেয়েছে বিমূর্ত রীতি। লাল, হলুদ, কমলা, সবুজ, কালো—এসব রঙে তুলির স্ফীত টানের সঙ্গে সরু সূক্ষ্ম রেখার বৈপরীত্যের যোজনায় নান্দনিক অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি। কোনো কোনোটিতে আছে বিশেষ কোনো ভাবনাকে তুলে ধরার প্রয়াস। যেমন একটি ছবিতে আছে রক্তলাল পটভূমির সামনে একটি চেয়ার। চেয়ারটি ক্ষমতার প্রতীক। ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে যে হানাহানি-রক্তারক্তি চলছে, নিঃশব্দে সেই ঘটনাই ব্যক্ত করছে চেয়ারটি।
আকারে বড় কাজের মধ্যে আছে শিল্পীর প্রিয় বিষয় সংগীত। বেশ কয়েকটি বড় আকারের ছবি আছে স্যাক্সোফোনের। এই সিরিজের একটি কাজে তিনি তুলে ধরেছেন পোশাকশ্রমিকদের কথা। হরেক রঙের বোতাম, জামার আদল, গজ-ফিতার টুকরার সঙ্গে বাদ্যযন্ত্রের সমন্বয়ে একটি শ্রমঘন শিল্পের গল্পকে তুলে এনেছেন সংগীতের মূর্ছনায়, রং-রেখার বিন্যাসে। ছোট ছোট সিরিজের বেশ কিছু কাজ করেছেন তিনি এবার। ‘অন্তর্দহন’ নামের সিরিজটিতে খবরের কাগজের কাটিং সাঁটিয়ে দেওয়া হয়েছে নেপথ্যের পটভূমিতে। তার ওপর বড় আকারে অবয়ব। এক পঙ্গু মানুষের অবয়ব আছে একটি কাজে। বিশ্বজোড়া গণমাধ্যমকর্মীরা যে ঝুঁকি নিয়ে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করছেন, তা ইঙ্গিতবহ হয়ে উঠেছে এই সিরিজে। চায়ের কাপ-কেটলি, ফুলদানিতে সাজানো ফুল—এসব নিয়ে ‘স্থিরজীবন’ রীতির বেশ কয়েকটি চমৎকার কাজ আছে। সমুদ্রসৈকত, নৌকা, পাখি—এসব নানাভাবে ঘুরেফিরে এসেছে।
এই কাজগুলো অঙ্কনপ্রধান। রঙের ব্যবহারের ক্ষেত্রে উজ্জ্বল রঙের পাশাপাশি সাদার ব্যবহারও প্রচুর। নিরীক্ষা করেছেন রঙের ব্যবহার নিয়ে। অ্যাক্রিলিকের পাশাপাশি মোটা ও মিহি দানার বালু ব্যবহার করেছেন কখনো সরাসরি, কখনো বালুর সঙ্গে রং মিশিয়ে। ফলে টেক্সচারের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে বৈচিত্র্য ও বহুমাত্রিক ব্যঞ্জনা। সমুদ্রসৈকতের ছবিগুলোতে বালুর স্তরের ওপর বসানো ঝিনুক, সবুজ লতাপাতার ছবি, তার ওপর সুনীল সাগর, দিগন্তে নৌকার আদল—সবটা মিলিয়ে ক্যানভাসে যে দ্যোতনা সৃষ্টি হয়, তা দর্শকের চিত্তে সমুদ্রসৈকতে দাঁড়ানোর অনুভূতিই যেন জাগিয়ে তোলে।
প্রদর্শনীর ছাপচিত্রে কাজগুলো অবয়বধর্মী। ছাপচিত্র এবারই শিল্পী প্রথম উপস্থাপন করলেন। প্রদর্শনীর কাজগুলো করেছেন তিনি তাঁর সাম্প্রতিক চলচ্চিত্র জোনাকির আলো নির্মাণের পাশাপাশি। ক্যামেরার নেপথ্যে ঘটে যাওয়া জীবনের নানা ঘাত-প্রতিঘাত, টানাপোড়েন, মানুষের সামাজিক অবস্থান—এসবই তুলে ধরতে চেয়েছেন তাঁর চিত্রকলায়। দীর্ঘদিন থেকেই তিনি চিত্রকলা চর্চার সমান্তরালে চলচ্চিত্র ও টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ, আলোকচিত্র চর্চাসহ বহু মাধ্যমে নিজেকে সৃজনশীল রেখেছেন। খালিদ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ (তৎকালীন ইনস্টিটিউট) থেকে এমএফএ ডিগ্রি নিয়েছেন, আলোকচিত্রে প্রশিক্ষণ নিয়েছেন প্রখ্যাত আলোকচিত্রী এম এ বেগের তত্ত্বাবধানে। তাঁর এই একক প্রদর্শনীটি দর্শকদের ভালো লাগবে।