রংপুর টাউন হল প্রাঙ্গণে বিকেলটা ছিল মুখরিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতা আবৃত্তি, গান, স্বরচিত কবিতাপাঠ ও আলোচনায় রংপুর টাউন হল প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেলটা ছিল মুখরিত।
অনুষ্ঠানটি প্রাণভরে উপভোগ করেন দর্শক-শ্রোতা। এক ঘণ্টার জন্য পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। নানা শ্রেণীপেশার ও বয়সের মানুষ মেতে ওঠেন আড্ডায়।
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ ওই বিশেষ অনুষ্ঠান এভাবেই পালন করেছে।
বিকেল সাড়ে পাঁচটায় আলোচনা সভার সমাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন রংপুর বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, সাহিত্যিক আনওয়ারুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক স্বাত্ত্বিক শাহ আল মারুফ।
এরপর একে একে স্বরচিত কবিতা পাঠ করে শোনান হেলেন আরা, নাসিমা আক্তার, দিলীপ কুমার রায়, বিলকিছ সুলতানা, ফারুক প্রধান। কবিতা আবৃত্তি করেন আফতাব হোসেন, রেজিনা সাফরিন।
নজরুলসংগীত ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন নজরুল ইসলাম, মফিজুল ইসলাম, তৃপ্তি দত্ত, নীলরতন সরকার।