রংপুরে আজ থেকে নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে আজ সোমবার শুরু হচ্ছে ‘বিভাগীয় নাট্যোৎসব’। বিকেল পাঁচটায় নয় দিনব্যাপী এই নাট্যোৎসবের উদ্বোধন হবে রংপুর টাউন হল মিলনায়তনে। উদ্বোধন করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নাট্যোৎসবের সদস্যসচিব রাজ্জাক মুরাদ জানান, বিকেলে নাট্যকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হবে। এরপর রংপুর শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে নাট্যকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে রংপুর নাট্যকেন্দ্রের নাটক ঘাসফুল এবং শিখা সংসদের নাটক সদগতি। এ ছাড়া প্রতিদিন একটি করে মোট ১০টি নাটকের প্রদর্শনী হবে। উৎসবে রংপুর ছাড়াও গাইবান্ধা, কুড়িগ্রাম ও দিনাজপুরের বিভিন্ন নাট্যদলের নাটক মঞ্চস্থ হবে। উৎসব শেষ হবে ৩ মে।