রংপুর থেকে প্রথম আলোর প্রতিবেদক জানান, ‘সাহিত্যের সৌরভে উজ্জীবিত হোক জীবন’ স্লোগানে গতকাল শনিবার রংপুর টাউন হলে অনুষ্ঠিত হলো রঙ্গপুর সাহিত্য পরিষদ আয়োজিত রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন। দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
সেলিনা হোসেন বলেন, জেন্ডার সমতা না হলে উন্নয়ন সম্ভব নয়। এই জেন্ডার সমতার কথা অনেক আগেই রংপুরের পায়রাবন্দে জন্ম নেওয়া মহীয়সী বেগম রোকেয়া বলে গেছেন এবং সাহিত্যের মাধ্যমে তুলে ধরে সমাজকে সচেতন করার কাজ করেছেন।
সম্মেলনের আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রফিক কায়সার। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন। আলোচনা শেষে তিন গুণী ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন অধ্যাপক সুফি মোতাহার হোসেন, অধ্যাপক মাজহারুল মান্নান ও অধ্যাপক হাফিজুর রহমান।