রওনকের তিন পরিচয়!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রওনক হাসান। আগামী ঈদে অভিনেতা, পরিচালক ও নাট্যকার পরিচয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন রওনক হাসান। ঈদ উপলক্ষে তিনটি নাটকে অভিনয়ের পাশাপাশি দুটি নাটক লিখেছেন এবং পরিচালনাও করেছেন তিনি।
এবারের ঈদে সুমন আনোয়ারের ‘মন তার সংশয়’, পারভেজ আমিনের ‘কেবলই দৃশ্যের জন্ম হয়’ এবং মোহাম্মদ আশিকুর রহমানের ‘উলট পালট’ নাটকে দেখা যাবে রওনক হাসানকে।
নাটকের গল্প প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘তিনটি নাটকের গল্পই ভিন্ন ধরনের। নাটকে প্রেম, লোভ, আকাঙ্ক্ষার বিভিন্ন দৃশ্য রয়েছে। নাটক তিনটিতে আমার সহশিল্পী হিসেবে রয়েছেন তিশা, শশী ও ভাবনা।’
রওনক আরও বলেন, ‘ঈদ উপলক্ষে দুটি নাটক লিখেছি। রোমান্টিক কমেডি ঘরানার ‘‘কহো কন্যা কবুল’’ ও ‘‘সাদা কালো’’ নাটক দুটিতে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে। নাটক দুটির পরিচালকও আমি।’
নাট্যকার, পরিচালক, অভিনেতা—কোন পরিচয় দিতে ভালো লাগে এমন প্রশ্নের জবাবে রওনক হাসান বলেন, ‘আমি সব কাজ সমান গুরুত্ব ও মনোযোগ দিয়ে করি। তবে অন্য পরিচয়ের চেয়ে রওনক হাসান হিসেবে পরিচয় দিতেই ভালো লাগে।’