
বর্তমান রক ধারার অন্যতম জনপ্রিয় ব্যান্ড ওউন্ড। তাদের ভিন্ন স্বাদের মিউজিক দিয়ে আন্ডারগ্রাউন্ড মাতিয়ে যাচ্ছে ১০ বছর ধরে। রয়েছে একটি স্টুডিও অ্যালবামসহ কিছু একক গান। ওউন্ড-এর শুরুটা ২০০৭ সালে। সামী, রাতুল আর ফাসিহর হাত ধরেই শুরু ওউন্ডের পথচলা। পরে একাধিকবার সদস্য বদলের পর ২০১৩ সালে গিটারিস্ট হিসেবে যোগ দেন প্রিতম এবং কি-বোর্ডে সামিউল। তাঁদের প্রথম স্টুডিও অ্যালবাম ওয়ান প্রকাশিত হয় ২০১৪ সালের ২১ জুন। নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করার প্রথম দিনেই অ্যালবামের ডাউনলোড ১৫ হাজার ছাড়িয়ে যায়।
‘সরে দাঁড়াও চাই না তোমার কোন ছায়া, কী পেয়েছ বুঝি না’ আন্ডারগ্রাউন্ড কনসার্টে গেলেই শোনা যায় পরিচিত এই শব্দগুলো। মঞ্চে পরিবেশনের সময় উপস্থিত শ্রোতারাই কণ্ঠ মিলিয়ে অনুষ্ঠানের আবহ বদলে দেয়। তাদের গানগুলোর মধ্যে ‘বিয়োগ’, ‘ভাবান্তর’, ‘জেকিল অ্যান্ড হাইড’, ‘অহম’, ‘ইলেক্ট’, ‘সিজরহ্যান্ডস’ খুব জনপ্রিয়।
ওউন্ডের ড্রামার এ কে সামী বলেন, ‘আমরা দ্বিতীয় স্টুডিও অ্যালবামের কাজ শুরু করেছি। এই অ্যালবামের সাউন্ড প্রথম অ্যালবাম থেকে পুরোই আলাদা। রেকর্ডিংয়ের কাজ চলছে। আশা করি এ বছরই শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’
ওউন্ডের বাকি সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর অ্যালবাম প্রকাশের আগেই তারা নতুন গানের মিউজিক ভিডিও বের করবে। গত বছর জানুয়ারি মাসে প্রথম অ্যালবামের গান ‘ভাবান্তর’-এর মিউজিক ভিডিও প্রকাশ করে ওউন্ড। অল্প সময়েই প্রশংসিত হয় মিউজিক ভিডিওটি।
ওউন্ড অসংখ্য স্টেজ শো করেছে। গান করেছে রকনেশন, গেট অ্যাম্পডের মতো বড় শোতে। এই ব্যান্ডের সঙ্গে এখন আছেন এ কে রাতুল (বেজ/কণ্ঠ), এ কে সামী (ড্রামস), ফাসিহউদ্দিন আহমেদ (গিটার), প্রিতম আরেফিন (গিটার) এবং সামিউল হক (কি-বোর্ড)।
ওউন্ডের প্রথম অ্যালবামটি www.ownedtheband.com ওয়েবসাইট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাচ্ছে। এ ছাড়া ‘অহম’ গানটি শোনা যাবে সাউন্ডক্লাউডে।