রকহোলিক নিয়ে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখ উপলক্ষে ১৩টি ব্যান্ডের গান নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে মিশ্র অ্যালবাম ‘রকহোলিক’। জানা গেছে, অ্যালবামে ১৩টি রক ঘরানার ব্যান্ডের একটি করে গান থাকবে। পুরো অ্যালবামের পরিকল্পনা ও সমন্বয়ে আছেন নির্ঝর ব্যান্ড ও দি ব্রাদারহুড প্রজেক্টের অন্যতম সদস্য জয় শাহরিয়ার। তিনি বলেন, ‘২০০৭ সালে কয়েকটি ব্যান্ড নিয়ে মিশ্র অ্যালবাম “অন্যরকম” প্রকাশিত হয়েছিল। সে সময় অ্যালবামটি বেশ আলোচিত হয়। তারই ধারাবাহিকতায় ছয় বছর পর আবারও এ ধরনের আয়োজনে সম্পৃক্ত হলাম।’ জয় আরও বলেন, ‘ব্যান্ডের গানের হারিয়ে যাওয়া সময় ফিরিয়ে আনার প্রয়াসেই ১৩টি রক ব্যান্ডের এ অ্যালবাম। ব্যান্ড জগতের একজন প্রতিনিধি হিসেবে এ ধরনের আয়োজনের উদ্যোগটা নিজের দায়িত্ব ও ভালো লাগা থেকেই।’ ‘রকহোলিক’ অ্যালবামে যে ব্যান্ডগুলোর গান থাকছে সেগুলো হলো— দ্য ট্র্যাপ, নির্ঝর, পারভেজ ও সুফিয়ানা, পলাশ অ্যান্ড ফ্রেন্ডস, পরিধি, ঘুড্ডি, ১২ এএম, অন্যস্বর, সিন অব কারনেজ, বে অব বেঙ্গল, প্রায়, শূন্য ও স্যালভেশন। ‘রকহোলিক’ অ্যালবামটির পৃষ্ঠপোষকতা করছে অরেঞ্জ নেটওয়ার্কের মোবাইল হ্যান্ডসেট অপশন। অ্যালবামটি প্রকাশ করবে আজব রেকর্ডস।