রকিং আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় মধ্যরাত। প্রাইভেট কার কমে গিয়ে কারওয়ান বাজারে শুরু হয়েছে ভারী ট্রাকের আনাগোনা। এরই মধ্যে কারওয়ান বাজারের ছোট্ট কফিশপ বারিস্তাতে হাজির মিলা। গরম কফির কাপে চুমুক দিতে না দিতে হূদয়ও হাজির। কী খাবে, জিজ্ঞেস করতেই পাশ থেকে মিলার টিপ্পনী, ‘হূদয় খান তো হূদয় ছাড়া কিছু খান না। ওকে কফি না দিয়ে হূদয় দেন।’ একগাল হেসে হূদয় বললেন, ‘মাত্র রেকর্ডিং করে এসেছি। এখন কফি না খেলেই নয়।’ দুজনের সম্পর্ক কি এ রকমই টক-মিষ্টি? ‘মিলা বয়সে আমার থেকে একটু বড় হলেও, আমরা চমৎকার বন্ধু। দুজন অনেক কিছু শেয়ার করি। ও সব সময় বড় বোনসুলভ একটা শাসনে রাখে আমাকে। এ ব্যাপারটা আমার খুব মিষ্টি লাগে। এ রকম একটা রকিং, জোশ অভিভাবক পাওয়া ভাগ্যের ব্যাপার।’ বলছিলেন হূদয় খান। অভিভাবক বলায় মিলার কিঞ্চিৎ আপত্তি।‘আমি মোটেই অভিভাবকগিরি ফলাই না, হূদয়। তুমি কিন্তু ভুল বললে। তবে বন্ধু হিসেবে, কাছের মানুষ হিসেবে যতটুকু বলা দরকার, ততটুকু বলি। নিয়মিত আমাদের দেখা হয় না। কিন্তু জানি, একটা বিপদে পড়লে হূদয় ঠিকই এগিয়ে আসবে। এ ভরসাটা কিন্তু কম নয়।’গায়িকা মিলার কোন দিকটা হূদয়ের ভালো লাগে?‘মিলার সবচেয়ে বড় সম্পদ ওর গলা। ও অনেক সুন্দর ভয়েস মড্যুলেশন করতে পারে। ওর গায়কিতে তারুণ্যের একটা জোয়ার আছে। সব ধরনের গান ও চমৎকার গায়। তবে একটু সফট মেলোডিয়াস গানে মিলার গলাটা আরও ভালো যায়। যেমন মিলার গাওয়া গানগুলোর মধ্যে “নীরবে” গানটি আমার খুবই পছন্দ।’মিলা বলে উঠলেন, ‘হূদয়, তোমাকে অনেক ধন্যবাদ। আমারও ইচ্ছে করে এ ধরনের মেলোডিয়াস গান বেশি করে গাইতে। কিন্তু এ ধরনের গানের চেয়ে আজকালকার শ্রোতারা একটু নাচানাচির গানই বেশি পছন্দ করছে। “নীরবে”, “চাঁদের বুড়ি”, “অভিমান”-এর মতো গান গেয়েছি। কিন্তু আমি আজকের মিলা হয়েছি “রূপবান”, “বাবুরাম সাপুড়ে” কিংবা “দোলা দে রে” গানগুলোর জন্য। মঞ্চে উঠলে দর্শক এসব গানই শুনতে চায়। ওখানটায় আমাদের হাত-পা বাঁধা। তাই নিজের ভালো লাগার কথা চিন্তা না করে, সব ধরনের শ্রোতার পছন্দের কথা চিন্তা করে গান করতে হয়।’হূদয় বললেন, ‘এসব গান করার ভেতরও “নীরবে” গানটির মতো গান মিলা করছে। এ জন্য ওকে ধন্যবাদ দেওয়া উচিত। আমার একটা অনুরোধ, ও যেন এ ধরনের মেলোডিয়াস গান আরও বেশি করে গায়।’অন্যদিকে হূদয় খানের গান মিলার কেমন লাগে?‘হূদয় সুরকার, সংগীতায়োজক হিসেবে অনেক উঁচু মানের। ওর গায়কিও আমার ভালো লাগে। “চাই না মেয়ে” গানটি যখন প্রথম শুনি, তখন হূদয়কে ভালোভাবে চিনতাম না। কিন্তু গান শুনে মনে হয়েছিল, এ ছেলেটা ভালো করবে। আমার সবচেয়ে ভালো লাগে হূদয়ের “বল না তুই বল না” গানটি। আমি এ গানটা মাঝেমধ্যেই শুনি।’ হূদয় বললেন, ‘আমি তোমার সব গানই নিয়মিত শুনি।’কদিন আগে প্রথমবারের মতো হূদয়ের সুরে মিলন মাহমুদের লেখা একটি গান গাইলেন মিলা। সেই অভিজ্ঞতা কেমন? দুজন একসঙ্গে উত্তর দিলেন, ‘জঘন্য!’ কেন, কী হয়েছিল? ‘গানটা করার কথা ছিল আরও অনেক আগে। কিন্তু কোনোভাবেই সময় মেলে না। আর হূদয়ের সময়জ্ঞান একটু কম। আবার ও যেদিন ফ্রি থাকে, সেদিন আবার আমি ব্যস্ত থাকি। সব মিলিয়ে একটা বাজে পরিস্থিতি!’ বললেন মিলা। হূদয় বললেন, ‘ওই সময়টাতে মিলা ও আমি খুব ব্যস্ত ছিলাম। কোনোভাবেই দুজনের সময় মিলছিল না। অবশেষে কাজটি শেষ হয়েছে, এতেই আমি খুশি। তবে মিলা চমৎকার গেয়েছে।’ মিলা আর হূদয় খান তো জুটি বেঁধে একটা নাটকে অভিনয় করেছে। মোস্তফা সরয়ার ফারুকীর ওই নাটকটির নাম ছিল ঝালমুড়ি। ‘আসলে, ওটা ছিল একটা টক শো। ফারুকী ভাই একটু মজা করার জন্য আমাদের দিয়ে ১০ মিনিটের একটা ছোট্ট নাটিকা বানিয়ে ফেললেন। নিতান্তই শখের বশে করা।’ মিলা এখন সুর ও সংগীতায়োজন করা শুরু করেছেন। হূদয় খান এটাকে কীভাবে দেখছেন?‘আমি এটা শুনে অনেক খুশি হয়েছি। কদিন আগে খবরটা পাওয়ামাত্র আমি মিলাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। ওর মিউজিক সেন্স অনেক ভালো। এ ছাড়া একটা ছেলের চেয়ে একটা মেয়ের অবজারভেশনক্ষমতা অনেক বেশি। আমি নিশ্চিত, মিলা সংগীতায়োজক হিসেবে অনেক ভালো করবে। আমাদের দেশের মেয়েদের এই জায়গাটায় আরও অনেক কাজ করা উচিত।’ প্রশংসা শুনে মিলা যেন একটু লজ্জাই পেলেন। হূদয়ের সংগীতায়োজনে মিলা গাইলেন। মিলার সংগীতায়োজনে হূদয় গাইবেন কবে? মিলা বললেন, ‘গায়িকা হিসেবে মিলা হূদয়ের অগ্রজ হলেও সংগীতায়োজক হিসেবে অনুজ। তা ছাড়া সংগীতায়োজক হিসেবে ওর অনেক ভালো একটা অবস্থান আছে। আর আমি তো মাত্র শিখছি। সে রকম একটা অবস্থানে পৌঁছালে অবশ্যই আমি হূদয়কে গান গাওয়ার প্রস্তাব দেব। তার আগে ঠিক সাহস হচ্ছে না।’ কথা শেষ হতেই দুজনের হাসি...।রাত বাড়তে থাকে। দুজনের আড্ডা আর শেষ হয় না। ‘মিলা, মনে আছে লস অ্যাঞ্জেলেসের কথা? কোনো কাজ না পেয়ে আমরা সারা দিন ট্রেনে শহরের এ-মাথা থেকে ও-মাথা ঘুরেছিলাম।’ ‘হ্যাঁ, সেবার অনেক মজা হয়েছিল। আরেকবার “রিপ্লিস বিলিভ ইট অর নট”-এর সেটে আমাকে ভয় দেখাতে গিয়ে তুমি নিজেই ভয় পেয়েছিলে।’‘মোটেই না। তুমি ভয় পেয়েছিলে...।’ মিলা আর হূদয়ের খুনসুটি যেন শেষ হয় না।