রকের নাতি রকের বাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
চাক বেরি (১৯২৬-২০১৭)
চাক বেরি (১৯২৬-২০১৭)

১৮ মার্চ মারা যান স্মার্ট রকের জনক চাক বেরি (১৯২৬-২০১৭)। তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি।

বব ডিলান তখন আলোচিত নন। তরুণদের মাথা খারাপ করে রেখেছিলেন এলভিস প্রিসলি। পাশ্চাত্য সংগীতে তখন নতুন একধরনের প্রকাশভঙ্গি তৈরির কাজ শুরু করে দিয়েছিলেন চাক বেরি। বিশেষ করে ভাষায়। তাঁর গীতি কবিতাগুলোর ভেতরে ভর করেছিল শৃঙ্খলা ও সৌন্দর্য। জন লেনন ব্যাপারটিকে এভাবে ব্যাখ্যা করেন, ‘পঞ্চাশের দশকের শিল্পীরা যখন গাইছিলেন “ওহ্‌ সোনা তোমাকে ভালোবাসি” ধরনের গান, তখন কিছু ভালো ও বুদ্ধিদীপ্ত গান লিখেছেন বেরি।’

‘রক’ গান নিজের স্মার্টনেসকে ছাড়িয়ে পাড়ি দিয়েছে অন্য পথে। মঞ্চে সেসব গান পরিবেশনায় এসেছে একধরনের স্থির ভাব। যেন ভর করেছে ভাবগাম্ভীর্য। গত শতকে চাক বেরির সময়টাতে সে রকম ছিল না। ১৮ মার্চ তাঁর মৃত্যুর পর নতুন করে তাঁকে দেখতে বসে লোকে। ইউটিউব খুললে দেখা যায়, রক গাইতে কত যে পাগলামি করা যায় তার ঠিক নেই। মঞ্চে প্রাণোচ্ছল পাগলামিটা সম্ভবত তিনিই চালু করেছিলেন। গাইতে গাইতে ‘ডাক-ড্যান্স’ নামে একধরনের নাচ করতেন। মঞ্চে হাঁসের মতো হেঁটে হেঁটে গিটার বাজিয়ে নৃত্য যাকে বলে। এটা ছিল তাঁর নিজস্ব ভঙ্গি। বাংলাদেশে রক সম্রাট আজম খানের মধ্যেও সে পাগলামির ছোঁয়া কি দেখেছি আমরা? চাক বেরি মঞ্চ দাপিয়ে ‘মাই ডিঙ্গালিং’, ‘জনি বি গুড’, ‘ক্যান ইউ নেভার টেল’ গানগুলো গাইতেন।

‘ধ্রুপদি রক’ বলতে যা বোঝায়, সেই ধারার সূচনা করেছিলেন বেরি। কিন্তু শৈশবটা কেটেছে বেশ নিঃসঙ্গতায়। ‘কালো’ অধ্যুষিত এলাকায় ছিল তাঁদের বাস। তিন বছর বয়সে ‘সাদা’ দমকলকর্মী দেখে ভেবেছিলেন, মানুষগুলো বুঝি আগুনে পুড়ে সাদা হয়ে গেছে। এভাবেই পরিচয় সাদা চামড়ার মানুষের সঙ্গে। তাঁর বাবা বলেছিলেন, এরা সাদা মানুষ। দিন বা রাত সব সময়ই এদের সাদা দেখায়।

স্কুল ও গির্জায় যেতে যেতে চাক বেরি গান শুরু করেন। পাশ্চাত্য সংগীতে শুধু অবদানই নয়, যে প্রভাব তিনি রেখেছেন তা পরিমাপ করা মুশকিল। রক গানের প্রতি ভালোবাসার অন্ত ছিল না চাক বেরির। রক আপনার কাছে কেমন জানতে চাইলে বলেছিলেন, ‘রক আমার দাদা, রক আমার ছেলে।’ বায়োগ্রাফি ও সিএনবিসি