রক্তকরবীর রবীন্দ্রস্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীতে তাঁকে গানে-কবিতায় স্মরণ করল চট্টগ্রামের গানের দল ‘রক্তকরবী’। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের নন্দনকাননে ফুলকি বিদ্যালয়ের এ কে খান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘রবীন্দ্রনাথ: গানে-কবিতায়’ শীর্ষক আয়োজনে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।কবিগুরুর গান, কবিতা ও আলোচনায় প্রাণবন্ত এ সন্ধ্যা উপভোগ করে নগর জীবনযাপনে ক্লান্ত নাগরিকেরা। অনুষ্ঠানে আলোচকেরা বলেন, বিশ্বব্যাপী মানবসভ্যতার সংকট থেকে উত্তরণে রবীন্দ্রনাথেই আশ্রয় খুঁজতে হবে। আলোচনা অনুষ্ঠানে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ বলেন, ‘বাংলাদেশে প্রত্যক্ষভাবে ও দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্ম রবীন্দ্রচর্চার সঙ্গে জড়িত, যা পশ্চিমবঙ্গের ছোট ছোট শহরগুলোতে তেমন চোখে পড়েনি।’ রবীন্দ্রচর্চায় ফুলকি বিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করে সোমনাথ ঘোষ বলেন, ইউরোপের বিভিন্ন শহরে রবীন্দ্রনাথের চর্চা হচ্ছে। তাঁকে নিয়ে আগ্রহ বাড়ছে। আত্মসম্মান ও আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে উঠতে হলে স্কুল-কলেজে পাঠ্যপুস্তকের বাইরে রবীন্দ্রচর্চার সুযোগ বাড়াতে হবে। অনুষ্ঠানের আরেক আলোচক কবি-সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘আমরা এখন আত্মবিস্মৃত। রবীন্দ্রনাথ গানে সব সময় নিজের দিকে ফিরে তাকানোর কথা বলেছেন। কিন্তু আমরা তা পারছি না। মানবসভ্যতার এ সংকট নিরসনে রবীন্দ্রনাথ আমাদের পথ দেখাবেন।’ অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন পূরবী বড়ুয়া, সুচয়ন পাল, কৃষ্টি বড়ুয়া, ফেরদৌস রাসেল, জয়তী চক্রবর্তী ও সত্যজিৎ ঘোষ। দলীয় সংগীত পরিবেশন করেন ‘রক্তকরবী’র শিল্পীরা। কবিতা আবৃত্তি করেন মবিদুর রহমান সুজাত, উদয় শঙ্কর দাশ, রাশেদ হাসান ও কঙ্কন দাশ।