রক্তকরবীর রয়া!

ইংরেজিতে প্রশ্নগুলো সাজিয়ে সাক্ষাৎকারের প্রস্তুতি নিচ্ছি, এমন সময়ে ফোনে সংযোগ পাওয়া গেল। পরিষ্কার বাংলায় বললেন, ‘শুনতে পাচ্ছেন?’
মা-বাবা বাঙালি, দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা অভিনয়শিল্পী শাহানা গোস্বামীর। ‘বাড়িতে তো বাংলাই বলি’ হেসে জানালেন। এবারই প্রথম বাংলা ভাষায়, বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করলেন ভারতীয় এই শিল্পী। রুবাইয়াত হোসেন পরিচালিত আন্ডার কনস্ট্রাকশন ছবিতে অভিনয় করছেন শাহানা। কাল ২২ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি। শাহানা এখন থাকছেন ফ্রান্সে। ১৬ জানুয়ারি ফোনে কথা বললেন প্রথম আলোর সঙ্গে।
রক্তকরবীর নন্দিনী আর আন্ডার কনস্ট্রাকশন-এর রয়া। ছবির ট্রেলার দেখে মনে হলো, দুটো চরিত্রই ফুটিয়ে তুলতে হয়েছে শাহানাকে। রয়াই মঞ্চে অভিনয় করছে নন্দিনীরূপে। নিজের চার পাশে একসময় আবিষ্কার করছে রক্তকরবীর যক্ষপুরীর ছায়া। এভাবে প্রেক্ষাপট বদলে এই ঘটনাকে নতুনভাবে দেখার ধারণাটা শাহানাকে আকৃষ্ট করেছে। ‘এমন অনেক গল্প আছে যা বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরা যায়। রক্তকরবীতে এই বদল আনার ধারণাটা আমার খুব ভালো লেগেছে।’ বললেন তিনি।
নাটকটি আগে পড়া হয়নি শাহানার। তবে খুব কাজে এসেছে নাচের প্রশিক্ষণ। ওডিসি নৃত্যে ১০ বছর শিক্ষা নিয়েছেন। সংলাপ আর ছবির ঘটনাপ্রবাহ বুঝিয়ে দিয়েছেন পরিচালক রুবাইয়াত হোসেন। ‘দুই বাংলার কথার ধরনে একটা পার্থক্য রয়েছে। সেটা আয়ত্ত করে নিতে হয়েছে।’ জানালেন শাহানা।
তবে শাহানার এই বাংলাদেশের ছবিতে কাজ করার পেছনে আর একজনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি এই ছবিতে তাঁর সহশিল্পী, ভারতীয় অভিনেতা রাহুল বোস। রুবাইয়াতের সঙ্গে তিনিই পরিচয় করিয়ে দিয়েছিলেন শাহানার। ‘রাহুলের সঙ্গে আগেও কাজ করেছি, তাঁর সঙ্গে আমার বোঝাপড়া দারুণ। রুবাইয়াত, রাহুল ও আমি—চমৎকার একটা টিম। শুটিংয়ের সময় অনেক কিছু নিজেরা আলোচনা করে পরিবর্তন করেছি, ঠিকঠাক করে নিয়েছি।’ শাহানা জানান।

আন্ডার কনস্ট্রাকশন কেন? ‘গল্প ভালো লেগেছে, চিত্রনাট্যও। যেকোনো ছবিতে অভিনয়ের বড় একটা কারণ তো এটাই।’ শাহানা জানালেন তাঁর ভালো লাগার কারণটা। ‘রয়ার চিত্রটির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবেন অনেকেই। আবার কোনো কোনো জায়গায় হয়তো মনে হবে, ও কেন এই সিদ্ধান্ত নিল, কেন এমন করছে? নারীকেন্দ্রিক চলচ্চিত্র মানেই অনেক সময় ধরে নেওয়া হয়, খুব বড় কোনো বিষয় দেখানো হবে। কিন্তু এটা খুবই সাদামাটা, সাধারণ চরিত্র। অথচ অনেক বাস্তব।’
রক্তকরবীর যক্ষপুরীর তুলনায় এই ছবিতে এসেছে আমাদের পোশাকশিল্পের শ্রমিকদের কথা। ‘এই শ্রমিকদের বঞ্চনার কথাই রুবাইয়াত তুলে ধরতে চেয়েছেন। আর এটা তো আমাদের সমাজেরই তৈরি করা।’
বলিউডে তাঁর জায়গা যথেষ্ট শক্ত। রক অন চলচ্চিত্রের ডেবি চরিত্রটিতে অভিনয় করে জিতে নিয়েছিলেন ফিল্মফেয়ারে সেরা অভিনয়শিল্পী বিভাগের সমালোচক পুরস্কার। এরপর রুবারু, ফিরাক, ব্রেক কে বাদ, রা ওয়ানসহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। সালমান রুশদীর উপন্যাস অবলম্বনে দীপা মেহতা পরিচালিত মিডনাইটস চিলড্রেন ছবিতেও তাঁকে দেখা গেছে। বলিউডে বিরতি কেন তাহলে? শাহানা জানালেন, ঠিক বিরতি নয়। সামনে রক অন ছবির সিক্যুয়ালে তাঁকে দেখা যাবে। অভিনয়ে নতুন করে প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেই সূত্রেই এখন ফ্রান্সে থাকছেন। ‘ছাত্রজীবন কাটাচ্ছি এখন বলা যায়। ফ্রেঞ্চ ভাষায় নানা কিছু পড়ছি। বলিউড থেকে বেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি কাজ করতে চাই। ইন্ডিপেনডেন্ট ছবির গল্প বা কাজের ধারাতেই আসলে আমাকে ভালো মানায়। তাই এ ধরনের কাজই করতে চাই।’
তবে সব কথার পরেও আর একটা কথা থাকেই। সেটা চিত্রনাট্য। মনের মতো চিত্রনাট্য হলে যেকোনো ছবিতেই অভিনয় করতে রাজি তিনি। আর সে জন্যই বাংলাদেশের ছবিতেও তাঁকে আবার দেখা পাওয়ার সম্ভাবনা আছেই।