রঙমিস্ত্রীর প্রকাশনা উত্সব ২৫ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঙমিস্ত্রী অ্যালবামের প্রচ্ছদ
রঙমিস্ত্রী অ্যালবামের প্রচ্ছদ

গানের দল সহজিয়ার প্রথম অ্যালবাম ‘রঙমিস্ত্রী’র প্রকাশনা উত্সবের আয়োজন করা হয়েছে ২৫ নভেম্বর। বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজিত অনুষ্ঠানে অ্যালবামটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করবেন কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ।
প্রকাশনা উত্সবে অ্যালবামের গানগুলোর সঙ্গে নিজেদের নতুন-পুরোনো অন্যান্য গানও গাইবে সহজিয়া। পাশাপাশি সহজিয়াকে শুভেচ্ছা জানিয়ে গান গাইবে কফিল আহমেদ ও গানের দল চিত্কার। ‘রঙমিস্ত্রী’ অ্যালবামটি কফিল আহমেদকে উত্সর্গ করেছে সহজিয়া।
অপেক্ষা, বোকা পাখি, রঙমিস্ত্রী, চোখে চোখ, শবনম, ব্যথা দিয়ো না, স্বপ্নের আকাশ, খেলা এবং মা—এই নয়টি গান দিয়ে সাজানো হয়েছে ‘রঙমিস্ত্রী’ অ্যালবামটি। সব কটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন সহজিয়ার মূল গায়ক ও গীতিকার রাজীব আহমেদ রাজু।
‘রঙমিস্ত্রী’ অ্যালবাম সম্পর্কে রাজু জানিয়েছেন, ‘২০০৯ সালে সহজিয়ার যাত্রা শুরু হয়েছিল। “রঙমিস্ত্রী” আমাদের প্রথম অডিও অ্যালবাম। অ্যালবামের নয়টি গানের মধ্যে একটি হলো রঙমিস্ত্রী। এই গানের সঙ্গে মিল রেখেই অ্যালবামের নাম রাখা হয়েছে। এ ছাড়া আমরা মনে করি, আসলে জগতের সবাই রঙমিস্ত্রী। আমরা সবাই কোনো না কোনোভাবে একে অপরকে রাঙিয়ে যাচ্ছি।’
রাজু আরও জানিয়েছেন, এরই মধ্যে অ্যালবামটি বাজারে এসেছে। ৬ নভেম্বর থেকে পান্থপথ বসুন্ধরা সিটি, শাহবাগ আজিজ সুপার মার্কেট, গুলশান শপিং সেন্টার, উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্স, মিরপুর ১০ অডিও প্যালেস, ধানমন্ডি সীমান্ত স্কয়ারসহ (রাইফেলস স্কয়ার) আরও কয়েকটি জায়গায় অ্যালবামটি পাওয়া যাচ্ছে।    

গানের দল সহজিয়ার বর্তমান লাইন-আপ হলো ভোকাল: রাজু, গিটার: আলভী, সৌম, সজীব, বেইজ গিটার: জাফরী এবং ড্রামস: রাব্বি। অ্যালবামটির রেকর্ডিং হয়েছে স্টুডিও সাউন্ড মেশিনে।