
‘এই ছবিকে ময়নামতির রিমেক বলব না। রাজু (জাকির হোসেন রাজু) একটা সিনেমা বানিয়েছে, নাম অনেক সাধের ময়না। আমি সেন্সরে দেখেছি, ভালো ছবি।’ উদ্বোধনী প্রদর্শনী শুরুর আগে বলছিলেন রাজ্জাক। একই সুরে বললেন জাকির হোসেন রাজুও। ‘আমি আরেকটা ময়নামতি বানাইনি। সৈয়দ শামসুল হকের গল্প থেকে আমি আমার নিজের মতো করে ছবিটা বানিয়েছি।’
সেই ময়না আর মতিকে নিয়েই ছবির গল্প। ময়নামতি ভুলে গিয়ে কি অনেক সাধের ময়নায় চোখ রাখা যায়? তবু, চেষ্টা করি।
ময়না (মাহি), মতি (বাপ্পি) আর মনা (মিলন)—ত্রিভুজ প্রেম নিয়ে গল্প এগোয়। ময়না আর মতি যেখানে পরস্পরকে ভালোবাসে, মনা সেখানে অনায়াসেই ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ হতে পারত। অথচ পুরো গল্পে তাকেই মনে হলো মূল চরিত্র। কৃতিত্ব যতটা না মনার, তার চেয়ে বেশি আনিসুর রহমান মিলনের। ছবিতে এই দুই সত্তাকে আলাদা করা কঠিন। চরিত্রের ভেতর মিলন এমনভাবেই ঢুকে গেছেন, মাঝে মাঝে তাকে মনা বলেই মনে হচ্ছিল। একটা সময় মনা যখন রামদা হাতে রওনা হয়, দর্শকের সে কী হাততালি! বোঝা যাচ্ছিল, চরিত্রটা তাঁদের মনে ধরেছে।
ময়নার এন্ট্রি এখনো চোখে লেগে আছে। এ রকম দু-একটা দৃশ্য ছাড়া অবশ্য মনে রাখার মতো তেমন কিছু চোখে পড়েনি। ক্যামেরার কাজে আরেকটু মুনশিয়ানা আশা করেছিলাম। ময়না চরিত্রে মাহি মোটামুটি উতরে গেছেন। যে দৃশ্যগুলোতে গলার কাছে কান্না জমাট বাঁধার কথা, বাঁধল কি? সর্বস্বান্ত হয়ে ময়না বলছে, ‘বাড়ির জিনিসপত্র গেছে, খেতের ফসল গেছে...’ অথচ তার নখজুড়ে সবুজ নেইলপলিশ যায়নি! বাপ্পির সবটাই ভালো, শুধু সংলাপ বলার ধরনটা ছাড়া। ‘তুমার’, ‘তুমাদের’ শব্দগুলো কানে লাগে। আশা করছি, হালের এই জনপ্রিয় নায়ক নিশ্চয়ই নিজেকে আরও উন্নত করতে নিয়মিত ‘হোমওয়ার্ক’ করছেন। এই ব্যাপারগুলোও মাথায় রাখবেন কি?
চলচ্চিত্র যদি হয় বিনোদন, অনেক সাধের ময়না ছবিতে সেটি ভালোই মিলবে। শুধু ছবিটা দেখার সময় কাজী জহিরের ময়নামতিকে ভুলে গেলেই বোধ হয় ভালো করবেন। নির্মাতারাও বলছেন, ময়নামতির সঙ্গে অনেক সাধের ময়নার তুলনা চলে না।
জেব্রা সাদা-কালোই হয়। জেব্রা আঁকতে বসে যতই রং চড়ান, সেটা হয়তো অন্য কোনো প্রাণী হবে, জেব্রা হবে না!