রঙিন পাখায় গতির ছন্দ
পেশায় তিনি একজন চক্ষু চিকিৎসক হলেও নেশায় আলোকচিত্রী, যাঁর শখের ভুবনের একটা বড় অংশ জুড়ে আছে বিচিত্র পাখি। দেশে তো বটেই, বিদেশেও যখন যেখানে গেছেন, সেখানকার পরিচিত-অপরিচিত পাখির রূপ, সেগুলোর বিচিত্র ও অনবদ্য ভঙ্গি ধরে রেখেছেন ক্যামেরায়। নিয়াজ রহমানের তোলা এসব পাখির ছবি নিয়ে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে একক আলোকচিত্র প্রদর্শনী।বিকেলে ধানমন্ডির দৃক গ্যালারিতে নিয়াজ রহমানের ‘পাখায় পাখায় ছন্দ’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ মুস্তাফা নূরউল ইসলাম ও আলোকচিত্রী সাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যিক ও শিক্ষাবিদ রওশনআরা রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ছবিগুলোর প্রশংসা করে বলেন, ছবিগুলো যে কেবল প্রকৃতির বিচিত্র বৈভব ও ঐশ্বর্যের কথা মনে করিয়ে দেয়, তা নয়; পাশাপাশি তাঁর শিল্পপ্রতিভার স্পর্শ লাগা রূপও চোখের সামনে ফুটে ওঠে। বিচিত্র পাখির ভুবনের সন্ধান দিয়েছে এই প্রদর্শনী। আলোকচিত্রী নিয়াজ রহমান জানান, এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো সৃষ্টিকর্তার সৃষ্টির সৌন্দর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করা এবং প্রাণী সংরক্ষণে তাদের উৎসাহিত করা।‘পাখায় পাখায় ছন্দ’ শীর্ষক প্রদর্শনীতে স্থান পেয়েছে দেশি-বিদেশি বিভিন্ন পাখির ৭৬টি ছবি। নানা আকৃতির ফ্রেমে দেখা মিলেছে সুনীল আকাশে ডানা মেলে ওড়া পাখির ঝাঁক বা কোনো এক নিঃসঙ্গ পাখি, জলাশয় থেকে ডানা ঝেড়ে উড়ে যাওয়া পাখি, আলোর কিরণে পালকের বিচিত্র রং ও সবুজ অরণ্যে বর্ণিল পাখি। এগুলোর মধ্যে কিছু বিলুপ্তপ্রায় পাখিও স্থান পেয়েছে, যেমন-বালি ময়না, যার সংখ্যা এখন পৃথিবীতে মাত্র ১২টি। প্রদর্শনীতে আরও রয়েছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি; যেমন-বেলেহাঁস, রাজহাঁস, গুলিন্দা ইত্যাদি। দেশের নদী, বিল ও উপকূলীয় অঞ্চল থেকে এসব ছবি তুলেছেন আলোকচিত্রী। পাশাপাশি আফ্রিকা ও দক্ষিণ আমেরিকারও বিভিন্ন প্রজাতির পাখির ছবি আছে প্রদর্শনীতে, যাদের বাংলাদেশে দেখা যায় না।প্রদর্শনী চলবে ২ জুলাই, প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।সাইমন জাকারিয়ার ‘নাটকসংগ্রহ’ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্র ও অ্যাডর্ন পাবলিকেশনের যৌথ উদ্যোগে গতকাল বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে সাইমন জাকারিয়ার নাটকসংগ্রহ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এতে মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক আবদুস সেলিম, স্বাগত বক্তব্য দেন দেবপ্রসাদ দেবনাথ।এরপর নাট্যকার সাইমন জাকারিয়ার নাটক এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে পাঠ করেন ত্রপা মজুমদার এবং শুরু করি ভূমির নামে থেকে পাঠ করেন শামীম সাগর।কলকাতায় ময়েজ উদ্দিনের প্রদর্শনীকলকাতা প্রতিনিধি জানান, কলকাতায় গতকাল থেকে বাংলাদেশের তরুণ চিত্রকর ময়েজ উদ্দিনের একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতার প্রখ্যাত চিত্রকর সুনীল দাস। বাংলাদেশ উপ-হাইকমিশনের আর্ট গ্যালারিতে ১০টি ছবি নিয়ে শুরু হয়েছে এ প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশের খ্যাতনামা চিত্রকর শহীদ কবির। বিশেষ অতিথি ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার।চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে চিত্রকর সুনীল দাস বলেন, ‘বাংলাদেশের এই চিত্রকরের ছবি দেখে আমি মুগ্ধ। কলকাতার মানুষেরও এই ছবি ভালো লাগবে। ওর সৃষ্টিশীল ও গবেষণাধর্মী ছবি মানুষের হূদয়ে আসন গেড়ে থাকবে, সেই প্রার্থনাই করি।’ চিত্রকর শহীদ কবির বলেন, ভালো ছবি আঁকে ময়েজ উদ্দিন। ও বড্ড পরিশ্রমী। মাটির সঙ্গে ওর সম্পর্ক। আমি ওর উত্তরোত্তর উন্নতি কামনা করি। ময়েজ উদ্দিন বলেন, ‘বিদেশে এটা আমার প্রথম একক চিত্র প্রদর্শনী। যৌথ প্রদর্শনী হয়েছে ইংল্যান্ড ও জাপানে। আমার খুব ভালো লাগছে কলকাতার মতো একটি শহরে এই একক চিত্র প্রদর্শনী করতে পেরে।’প্রদর্শনী চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী।বৈশাখে ছবি আঁকো জ্যৈষ্ঠে প্রদর্শনীপটুয়া কামরুল হাসান আর্ট স্কুল আয়োজিত দ্বিতীয় মার্কেন্টাইল ব্যাংক ‘বৈশাখে ছবি আঁকো জ্যৈষ্ঠে প্রদর্শনী’ জাতীয় শিশু চিত্রকলা প্রতিযোগিতার আজ পুরস্কার দেওয়া হবে। বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন বরেণ্য শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামান।