রঙে-রেখায় একাত্তরের চিত্রগুচ্ছ
১৯৭১ সালের কথা। শিল্পী স্বপন চৌধুরী তখন বয়সে তরুণ। রং-তুলিতে, পেনসিলে এঁকেছেন সেই সময়ের রক্তাক্ত যুদ্ধের দৃশ্যাবলি। গান করেছেন সংগ্রামী শিল্পীদের সঙ্গে। সেই ছবিগুলো থেকে ১৩৭টি ছবি নিয়ে গতকাল বুধবার ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে একক চিত্র প্রদর্শনী।স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে ‘স্বপন চৌধুরীর একাত্তরের চিত্রগুচ্ছ’ নামের এই প্রদর্শনী উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার ও রামেন্দু মজুমদার।ছবিগুলো আঁকার পেছনের গল্প তুলে ধরে শিল্পী স্বপন চৌধুরী বলেন, ‘একাত্তরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আঁকা ছবিতে বাঙালির মুক্তিসংগ্রামকে তুলে ধরার চেষ্টা করেছি আমি। মুক্তিযুদ্ধ আমাকে ছবি আঁকার সাহস দিয়েছে। ভাবনার স্বাধীনতার সীমানা বিস্তৃত করে দিয়েছে। আমি যুদ্ধকে ছবিতে এনেছি। ছবিগুলো যখন দেখি, আনন্দ পাই, দুঃখ লাগে, গৌরব বোধ করি।’উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় স্বপন চৌধুরীর আঁকা ড্রয়িং ও পেইন্টিং এখন ইতিহাসের অংশ। প্রদর্শনীর চিত্রকর্মগুলোতে শিল্পীর শিল্পপ্রেম ও দেশপ্রেমের যুগলবন্দী লক্ষ করা যায়। এসব ছবি দেখে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার অনুপ্রেরণা পাবে।’ছবিগুলো দেখে দর্শকদের অনেকেই ফিরে গেছেন সেই সংগ্রামমুখর দিনে। স্মৃতির উদ্ভাসে শিহরিত হয়েছেন তাঁরা। যুদ্ধদিনের চিত্র তো আছেই, আছে চিরায়িত বাঙালি নারী, ফুল, মাছ ও কলসির মতো বিভিন্ন চেনা বিষয়বস্তু। তাঁর ড্রয়িংগুলোতে ক্রোধ ও ঘৃণার তীব্রতা প্রকাশিত হয়েছে। প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবে জনজোয়ার‘জেনে নাও—শহীদ যোদ্ধা বীর/ যুদ্ধাপরাধীরা আবারও নতশির’—এই স্লোগান নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত চার দিনব্যাপী বিজয় উৎসবের গতকাল ছিল তৃতীয় দিন। ঢাকার ছয়টি মঞ্চে হচ্ছে বিজয় উৎসবের অনুষ্ঠানমালা। রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিকেল চারটায় শুরু হয় অনুষ্ঠান। বিপুলসংখ্যক শ্রোতা-দর্শকের সমাগমে জোটের উৎসবমঞ্চে জনজোয়ারের সৃষ্টি হয়েছিল। গান, আবৃত্তি, নৃত্য ও নাটকে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরেন শিল্পীরা। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এদিন দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা, সড়ক এবং সত্যেন সেন শিল্পী সংস্থা। একক সংগীত পরিবেশন করেন মাফিয়া রহমান, মাহজাবিন রহমান, রুপা মজুমদার প্রমুখ। পথনাটক পরিবেশন করে দ্যাশ বাঙলা থিয়েটার। এ ছাড়া শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে গতকাল পথনাটক পরিবেশন করে সাত্ত্বিক নাট্য সম্প্রদায় ও দৃষ্টিপাত। দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী, ওস্তাদ মমতাজ আলী খান সংগীত একাডেমি ও বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী। দলীয় আবৃত্তি করে নন্দন কানন, ঢাকা স্বরকল্পন, সৃজন ও আবৃত্তি একাডেমি। স্বোপার্জিত স্বাধীনতা মঞ্চে তথ্যচিত্র আলবদর এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আধিয়ার-এর প্রদর্শনী হয়। মিরপুর টাউন হল প্রাঙ্গণ মুক্তমঞ্চে নাটক পরিবেশন করে বাঙলা কলেজ যুব থিয়েটার নাট্যকুঞ্জ এবং সেন্টার ফর বাংলাদেশ থিয়েটার। এ ছাড়া গতকাল রাজধানীর উপকণ্ঠে দনিয়া বর্ণমালা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বিজয় উৎসব। মুক্তিযুদ্ধের দুষ্প্রাপ্য দলিল ও আলোকচিত্র প্রদর্শনী‘নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। কোন পরিস্থিতিতে কী ধরনের ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে তা সবাইকে জানাতে হবে।’ গতকাল ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক পৃথক দুটি প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে বক্তারা এসব কথা বলেন। আরকাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত প্রদর্শনীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বেশ কিছু দুষ্প্রাপ্য দলিল-দস্তাবেজ, পত্রপত্রিকা, গ্রন্থ, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরকাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক তাইবুল হাসান খান। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনীটি ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।বিজয় দিবস চিত্রমেলা ২০১০মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সহযোগিতায় বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস আজ থেকে বিমানবন্দর সড়ক বেঙ্গল সেন্টারে দেশের প্রবীণ ও নবীন শিল্পীদের সমন্বয়ে তিন দিনব্যাপী ‘বিজয় দিবস চিত্রমেলা ২০১০’ শিরোনামে একটি আর্ট ক্যাম্পের আয়োজন করেছে। এ আর্ট ক্যাম্প উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী মুস্তাফা মনোয়ার, শিল্পী কাইয়ুম চৌধুরী ও শিল্পী হাশেম খান। বিশেষ অতিথি থাকবেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। গতকাল বুধবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে এসব তথ্য দেওয়া হয়।মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রকেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গতকাল শুরু হয়েছে চার দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব। উৎসব আয়োজন করেছে ‘টাপুরটুপুর’। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে স্টপ জেনোসাইড, আগামী ও আগুনের পরশমণি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আজ দ্বিতীয় দিনে মুক্তির গান, মুক্তির কথা, রাবেয়া, জয়যাত্রা প্রদর্শন করা হবে। প্রদর্শনী শুরু হবে বিকেল তিনটা থেকে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘উত্তাল একাত্তর’ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল ‘উত্তাল একাত্তর’ শীর্ষক দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ব্যবস্থাপনায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। বুধবার সকাল ১০টায় সিনেট ভবনের দক্ষিণ চত্বরে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য এম আবদুস সোবহান। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে মুক্তিযুদ্ধভিত্তিক দুই শতাধিক আলোকচিত্র স্থান পেয়েছে।