রটারডাম চলচ্চিত্র উৎসবে রাজু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকির হোসেন রাজু
জাকির হোসেন রাজু

রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেলেন চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু। ইউরোপের প্রধান বন্দরনগর রটারডামে গত ২১ জানুয়ারি থেকে বসেছে ৪৪তম আসর। এ আসরেই এশীয় চলচ্চিত্র বিভাগের জুরি হিসেবে যোগ দিয়েছেন তিনি। তিন সদস্যবিশিষ্ট এ প্যানেলে আরও আছেন সিঙ্গাপুর চলচ্চিত্র উৎসবের পরিচালক ঝাং ওয়েনজি এবং চায়না ইনডিপেনডেন্ট ফিল্ম আর্কাইভের সহপ্রতিষ্ঠাতা ঝাং ইয়াকশুয়ান। উৎসবে অংশ নেওয়া এশীয় চলচ্চিত্রকারদের নির্মিত চলচ্চিত্রগুলো থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচন করবেন তাঁরা তিনজন।
১৯৯৫ সাল থেকে রটারডাম উৎসবে এ পুরস্কার দেওয়া হচ্ছে।‘নেটওয়ার্ক ফর প্রমোশন অফ এশিয়ান সিনেমা’ (নেটপ্যাক) রটারডাম উৎসবে এ পুরস্কারটির প্রচলন করে। ১১ দিনের এ আসর চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
জাকির হোসেন রাজু এর আগে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক দশক আগে তিনি মেলবোর্ন থেকে চলচ্চিত্র বিষয়ে ডক্টরেট সম্পন্ন করেছেন। বর্তমানে বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি।