রণধীর কাপুর হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা রণধীর কাপুর। শ্বাসকষ্টের পাশাপাশি বুকে অস্বস্তিবোধ করায় ১৫ ডিসেম্বর প্রথমে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউ) ভর্তি করা হয়। চিকিত্সকদের পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে পরদিন আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিত্সক ফারুক উদিওয়ালার তত্ত্বাবধানে চিকিত্সা নিচ্ছেন ৬৫ বছর বয়সী এ অভিনেতা। তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে।মাত্র দুই মাস আগে ছোট মেয়ে কারিনা কাপুরের বিয়ের সময় সম্পূর্ণ সুস্থ ছিলেন রণধীর কাপুর। বিয়ের সব আয়োজনেও প্রচণ্ড ব্যস্ত থাকতে দেখা গেছে তাঁকে। কিছুদিন আগে ‘তালাশ’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতেও যোগ দিয়েছিলেন। রণধীর কাপুরের বলিউড অভিষেক হয়েছিল ১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘কাল আজ আউর কাল’ ছবির মাধ্যমে। পরবর্তী সময়ে ‘রামপুর কা লক্ষণ’, ‘জাওয়ানি দিওয়ানি’, ‘লাফাঙ্গে’, ‘ধরম করম’সহ আরও বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দিয়ে নিজেকে জনপ্রিয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। ১৯৮৪ সালে অভিনয় ছেড়ে চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনায় মনোনিবেশ করেন। পরে অবশ্য হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান এ অভিনেতা। সেগুলোর মধ্যে রয়েছে ‘আরমান’ (২০০৩), ‘হাউসফুল’ (২০১০), ‘অ্যাকশন রিপ্লে’ (২০১০), এবং ‘হাউসফুল ২’ (২০১২)।