রণবীর-কঙ্কণার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম পরিচয় আজ থেকে চার বছর আগে, মিক্সড ডাবলস ছবির সেটে। পরিচয়ের দুই মাসের মধ্যে প্রেম। তারও দুই বছর পর একসঙ্গে বসবাস। অতঃপর বাগদান। এ পর্যন্ত কঙ্কণা সেন শর্মা-রণবীর শোরের সম্পর্কটি সরলরেখায়ই চলছিল। কিন্তু ২০০৮ সালের জুন মাসে বাগদানের পর থেকেই শোনা যায় দুঃসংবাদ। দুজন নাকি দুই ভুবনের বাসিন্দা হয়ে গেছেন! কপোত-কপোতীর মধ্যে নাকি ‘কাট্টি’ হয়েছে! এই বিষয়ে অবশ্য দুজনকে প্রশ্ন করার মতো দুঃসাহস কেউ দেখাননি। কী দরকার ঝামেলা বাড়িয়ে? অতীতে যখনই তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছোড়া হয়েছে, উত্তর এসেছে একটিই, ‘প্লিজ, আমাদের জীবন আমাদেরকেই ভাবতে দিন। দয়া করে এসব নিয়ে নাক গলাবেন না।’ শখ করে কেউ নাক গলাতেও চাননি, কিন্তু যখন রণবীর-কঙ্কণাকে হাতে হাত ধরে সব অনুষ্ঠানে হাজির হতে দেখা যায়, তখন তো প্রশ্নের ভান্ডার মাথাচাড়া দিয়ে উঠতে বাধ্য। জিজ্ঞাসুদের উদ্দেশে তিন মাস আগে কঙ্কণা শুধু এটুকু বলেছিলেন, ‘আমরা এখনো একসঙ্গে আছি। বিয়েথা নিয়ে ভাবি না। কখনো যদি মা-বাবা হওয়ার সাধ জাগে, ঠিক তখনই আমরা বিয়ে করব। তার আগে নয়।’৩ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় রণবীর (৩৮)-কঙ্কণা (৩০) বিয়ের পিঁড়িতে বসেছেন। সঙ্গে সঙ্গে নতুন প্রশ্নও ভূমিষ্ঠ হয়েছে, কঙ্কণা কি তবে এবার মা হতে চান? প্রশ্ন করার সুযোগ নেই। বিয়ের পর এখন পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হননি দুজনের কেউই। কোনো পাঁচতারকা হোটেলে নয়, সবার অলক্ষ্যে ঘরোয়া আত্মীয়স্বজনকে নিয়ে ভার্সোভার নিজ বাড়িতেই বিয়ের কাজটি সেরেছেন তাঁরা। শত হলেও তাঁরা বলিউডের বাসিন্দা। তাই বিয়ের এক দিন আগেই সবাই জেনে গেছে। কঙ্কণার মা অপর্ণা সেন কলকাতায় ইতি মৃণালিনী ছবির কাজ করছিলেন। পাত্রপাত্রী রণবীর-কঙ্কণাই। হঠাৎ করেই ছবির ইউনিট জানতে পারে, ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পরিচালক, নায়ক, নায়িকা ছুটিতে যাবেন। কী উপলক্ষে ছুটি? জানতে পারেননি কেউই। বাধ্য হয়েই সবাই দুইয়ে দুইয়ে চার মেলান। ৩ সেপ্টেম্বর সব পত্রিকায়ই ছাপা হয়, আজ রণবীর-কঙ্কণার বিয়ে। শিল্পা শেঠি, ফারদিন খান ছাড়া বলিউডের রাঘববোয়াল থেকে চুনোপুঁটি, কেউই আমন্ত্রণ পাননি এই বিয়েতে। কেন এত গোপনীয়তা? কঙ্কণার এক বন্ধু জানান, ‘কোকো (কঙ্কণার ডাকনাম) ও রণবীর দুজনই নিজেদের ব্যক্তিগত অনুভূতি বিশ্ববাসীর সঙ্গে ভাগাভাগি করতে চান না। নিজেদের সম্পর্ক নিয়ে বাড়াবাড়ি করাটাও তাঁরা পছন্দ করেন না। তাই বলে তাঁরা তো কখনো তাঁদের সম্পর্কের কথা লুকিয়েও রাখেননি। শুরু থেকেই তো প্রকাশ্যে সবার কাছে স্বীকার করেছেন।’ কথা সত্য। কিন্তু তাই বলে বলিউডের তারকার বিয়ে হবে, আর এই বিয়ের খুঁটিনাটি নিয়ে দর্শকের আগ্রহ থাকবে না, তা কী করে হয়? শত হলেও কঙ্কণা ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী। মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, পেজ থ্রি, ফিফটিন পার্ক এভিনিউ, ওমকারা, লাইফ ইন এ মেট্রো, আজা নাচলে, লাগা চুনারি ম্যায় দাগ, ওয়েক আপ সিড, লাক বাই চান্স, অতিথি তুম কাব জাওগে—স্বল্প সময়ের অভিনয়-ক্যারিয়ারে কঙ্কণার সাফল্যের অর্জন তো কম নয়। রণবীর শোরে নিজেও হিন্দি ছবির দর্শকদের প্রিয় মুখ। ভেজা ফ্রাই, এক ছোটি সি লাভ স্টোরি, জিসম, পেয়ার কে সাইড ইফেক্টস, খোসলা কা ঘোসলা, হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, মিথ্যা, দাসভিদানিয়া, কুইক গান মুরুগান ইত্যাদি ছবিতে অভিনয় করে সমালোচকদের পছন্দের অভিনেতা হিসেবে স্বীকৃত হয়েছেন। দুজন একসঙ্গে মিক্সড ডাবলস, আজা নাচলে, ট্রাফিক সিগন্যাল ইত্যাদি ছবিতে অভিনয়ও করেছেন। এই দুই মেধাবী অভিনয়শিল্পীর বিয়েটা হয় পাঞ্জাবি ও বাঙালি দুই রীতিতেই। নিজ বাড়িতে বিয়ে হলেও ঘোড়ায় চড়ে এসেছিলেন রণবীর। পরনে ছিল শেরওয়ানি। কঙ্কণা গত মাসেই গয়না পরে একটি র‌্যাম্প শোতে পারফর্ম করার পর বলেছিলেন, নিজের বিয়েতে নানির বিয়ের গয়না পরবেন। কঙ্কণা কথা রেখেছেন। বিয়েতেও খুব বেশি সাজগোজের চেষ্টা করেননি কোকো, তবে নানির ভারী গয়না পরেছেন। বিয়েতে উপস্থিত ছিলেন কঙ্কণার মা অপর্ণা সেন, সঙ্গে স্বামী কল্যাণ রায়। বাবা মুকুল শর্মা, সঙ্গে স্ত্রী বিনিতা। সিনসিনাটি থেকে বড় বোন কমলিনীও এসেছিলেন। এসব খবর উপস্থিত অতিথিদের কাছ থেকে জেনে নিয়েছেন সাংবাদিকেরা। বিয়ের দুদিন পর টুইটারে বসে অবশ্য কঙ্কণা-রণবীর দুজনই জানিয়েছেন, ‘ইচ্ছা ছিল টুইটারের বন্ধুদেরই সবার আগে বিয়ের কথা বলব, কিন্তু আর চাপিয়ে রাখতে পারলাম না।’ রণবীরকে জিজ্ঞাসা করা হয়, বিয়ের সবচেয়ে ‘স্পেশাল’ শুভেচ্ছা কে জানিয়েছেন? ‘এক ভক্ত। এসএমএস করে লিখেছেন, অভিনন্দন! কিন্তু এ রকম ভুল আর দ্বিতীয়বার কোরো না। হা হা হা!’ রুম্মান রশীদ খান(তথ্যসূত্র: ওয়েবসাইট)