রণবীর-ক্যাটরিনার এবারের অভিসার নিউইয়র্কে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনার সঙ্গে রণবীর
ক্যাটরিনার সঙ্গে রণবীর

স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে অবকাশযাপনে গিয়ে আলোকচিত্রীদের ফাঁদে ধরা পড়ে কম ঝামেলা পোহাতে হয়নি বলিউডের আলোচিত তারকা যুগল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফকে। তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁসে বিতর্কের ঝড় উঠলেও, এ ঘটনাকে রণবীর-ক্যাটরিনা খুব বেশি পাত্তা দিয়েছেন বলে মনে হয় না। আগামী অক্টোবরে নিউইয়র্কে অবকাশযাপনের পরিকল্পনা করছেন এ তারকা জুটি।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘মুম্বাই মিরর’ জানিয়েছে, রণবীর অভিনীত ‘বেশরম’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২ অক্টোবর। আর অক্টোবরের প্রথম সপ্তাহেই নিউইয়র্কে উড়াল দেওয়ার পরিকল্পনা করছেন রণবীর-ক্যাটরিনা।

এই মুহূর্তে হাতে থাকা বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করার জন্য ব্যস্ত সময় পার করছেন ক্যাটরিনা। আর রণবীর ব্যস্ত আছেন ‘বেশরম’ ছবির প্রচারণা নিয়ে। পরবর্তী ছবি ‘জগ্গা জাসুস’-এর শুটিং শুরুর আগে ছুটি কাটিয়ে হালকা হতে চান রণবীর। আর ছুটি কাটানোর জন্য এবার তিনি বেছে নিয়েছেন নিউইয়র্ককে। ক্যাটরিনাকে সঙ্গে নিয়েই ছুটি কাটাতে চান তিনি।

নিউইয়র্কে অবকাশযাপনের সময় রণবীর-ক্যাটরিনাকে সঙ্গ দেবেন নির্মাতা করণ জোহর ও অয়ন মুখার্জি। এরই মধ্যে করণ ও অয়ন নিউইয়র্কে চলে গেছেন। সেখানে করণ তাঁর পরবর্তী ছবির কাহিনি লেখার কাজ শুরু করেছেন। অয়নও তাঁর পরবর্তী ছবির গল্প-ভাবনা নিয়ে কাজ করছেন সেখানে। নিউইয়র্কে করণ ও অয়নের সঙ্গে যোগ দেবেন রণবীর-ক্যাটরিনা। ছুটি কাটিয়ে দেশে ফিরেই অনুরাগ বসু পরিচালিত ‘জগ্গা জাসুস’ ছবির শুটিং শুরু করবেন রণবীর-ক্যাটরিনা।

‘আজব প্রেম কি গজব কাহানি’ (২০০৯) ও ‘রাজনীতি’ (২০১০) ছবিতে রণবীর-ক্যাটরিনা জুটিকে দারুণ পছন্দ করেছিলেন দর্শকরা। ‘রাজনীতি’ ছবি মুক্তির পর তিন বছর কেটে গেছে। এই সময়ে ব্যক্তিগত জীবনে একে অপরের অনেক কাছাকাছি এলেও, রুপালি পর্দায় জুটি বাঁধা হয়নি রণবীর-ক্যাটরিনার। অনেক দিন থেকেই জুটি বেঁধে অভিনয়ের চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু ব্যাটে-বলে না মেলায় তাঁদের সে ইচ্ছে আর পূরণ হয়নি।

গত বছর মুক্তি পাওয়া ‘বরফি’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় দারুণ সুসম্পর্ক গড়ে উঠেছিল অনুরাগ বসু ও রণবীরের ভেতর। তখনই দুজন মিলে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে তাঁরা সেই পরিকল্পনা বাস্তবায়নও করেন। এ বছর তাঁদের ‘পিকচার শুরু’ প্রোডাকশনের যাত্রা শুরু হয়। পিকচার শুরু প্রোডাকশনের ব্যানারের প্রথম ছবি ‘জগ্গা জাসুস’।