রণবীর-ক্যাটের অভিসার এবার কেপটাউনে!

গত বছর স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে একান্ত মুহূর্তের ছবি ফাঁস হওয়ায় কম ঝামেলা পোহাতে হয়নি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফকে। এবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গোপনে ক্যামেরাবন্দী হয়েছেন বলিউডের আলোচিত এ তারকা জুটি। সেখানে একসঙ্গে কেনা-কাটার পর রাস্তায় হাত ধরাধরি করে হাঁটার সময় ক্যামেরাবন্দী হন তাঁরা। সেই ছবি প্রকাশিত হওয়ার পর খবর ছড়িয়েছে, কেপটাউনে অভিসারে মেতেছেন রণবীর-ক্যাটরিনা।
গত বছরের জুলাই মাসের শুরুর দিকে ম্যাকাওতে আইফা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে ক্যাটরিনা চলে যান স্পেনে। সেখানে আগে থেকেই তাঁর জন্য অপেক্ষা করছিলেন রণবীর। স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে অবকাশযাপনের সময় গোপনে তাঁদের একান্ত মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেন আলোকচিত্রীরা। পরে ছবিগুলো প্রকাশিত হয় ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনে। ছবিগুলোতে লাল ও সাদা রংয়ের অন্তর্বাস পরা অবস্থায় দেখা যায় ক্যাটকে।
ছবি ফাঁসের ওই ঘটনায় হইচই পড়ে যায় বলিউডে। রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নিতু সিংও বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি। ছেলের ক্যারিয়ারের ক্ষতি হতে পারে বলে রায় দিয়েছিলেন তাঁরা। এমনকি রণবীরের বাড়িতে ক্যাটের প্রবেশে নিষেধাজ্ঞাও আরোপ করেছিলেন ঋষি কাপুর।
এতসব ঝামেলার কারণে পরবর্তী সময়ে অনেক বেশি সতর্ক হয়ে যান রণবীর-ক্যাটরিনা। কেউ যেন তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দী করতে না পারে তার জন্য সব সময় সর্বোচ্চ চেষ্টা করতে দেখা গেছে এ জুটিকে। কিন্তু সম্প্রতি আবারও ক্যামেরার ফাঁদে ঠিকই ধরা পড়তে হল তাঁদের। এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
‘জগ্গা জাসুস’ ছবিতে জুটি বেঁধেছেন রণবীর-ক্যাটরিনা। ছবিটির শুটিং চলছে কেপটাউনে। ছবির শুটিংয়ের ফাঁকে সম্প্রতি স্থানীয় একটি শপিং মলে কেনাকাটা করতে যান তাঁরা। কেনা-কাটা করার সময় গোপনে ক্যামেরাবন্দী করা হয় এ জুটিকে। শুধু তাই নয়, কেপটাউনের রাস্তায় হাত ধরে হাঁটার সময়ও সুযোগসন্ধানী আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েন তাঁরা।