রণবীর-ক্যাটের প্রেমে পরিবারের সম্মতি!

বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ঘনিষ্ঠতা দিনকে দিন বেড়েই চলেছে। একে-অন্যের সান্নিধ্যে দীর্ঘ সময় কাটাচ্ছেন তাঁরা। এবার এ জুটির সখ্যে সম্মতি দিলেন তাঁদের পরিবারের সদস্যরা। সম্প্রতি লন্ডনে এক নৈশভোজে তাঁদের সঙ্গ দিয়েছেন রণবীরের মা নিতু সিং ও ক্যাটরিনার মা সুজানা।
ক্যাটরিনা পরিবারের সবাই থাকেন লন্ডনে। এ মুহূর্তে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানেই অবস্থান করছেন ক্যাটরিনা। রণবীরও তাঁর মা নিতুকে নিয়ে লন্ডন ঘুরতে গেছেন। সম্প্রতি স্থানীয় একটি রেস্তোরাঁয় পরিবারের সদস্যদের সঙ্গে নৈশভোজে অংশ নেন রণবীর ও ক্যাটরিনা। এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী জানান, নিতু ও ক্যাটরিনা একে-অন্যের সঙ্গে বেশ সহজ-স্বাভাবিক ভঙ্গিতেই হূদ্যতাপূর্ণ আচরণ করেছেন। তাঁরা গোপনে এই পারিবারিক নৈশভোজ সারতে চাইলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। কারণ রণবীর-ক্যাটরিনার উপস্থিতি টের পেয়ে তাঁদের ঘিরে ধরেন একদল ভক্ত। তখন চারদিকে হইচই পড়ে যায়। পরে ভক্তদের সঙ্গে ছবি তুলে সেখান থেকে বিদায় হন রণবীর, ক্যাটরিনা ও তাঁদের পরিবারের সদস্যরা।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে রণবীরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ক্যাটরিনা। তখন থেকেই এ জুটির বাস্তব জীবনের প্রেমের গল্প ডালপালা মেলতে থাকে। পরবর্তী সময়ে বেশ কয়েকবার রণবীর-ক্যাটরিনার সম্পর্ক ভাঙা-গড়ার খবরে সরগরম হয়েছে বলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যম।
গত বেশ কিছুদিনে আবার সখ্য বেড়েছে বহুল আলোচিত এ তারকা জুটির। ঘন ঘন খবরের শিরোনাম হচ্ছেন তাঁরা। অবশ্য বরাবরের মতো এবারও নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন রণবীর ও ক্যাটরিনা।