রণবীর-দীপিকা-সঞ্জয়ের বিরুদ্ধে মামলা

সঞ্জয় লীলা বানশালী, রণবীর সিং, দীপিকা পাড়ুকোনসহ ‘রাম লীলা’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছেন পাওয়ান শর্মা নামের এক আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি পুলিশকে মামলা নথিভুক্ত করার আদেশ দিয়েছেন জয়পুর আদালত।
এ প্রসঙ্গে পাওয়ান শর্মা জানিয়েছেন, ‘আমরা ‘‘রাম লীলা’’ ছবিটির প্রমো দেখার পর অভিযোগ দায়ের করেছি। নভেম্বরে মুক্তি পেতে যাওয়া ছবিটি সম্পর্কে আমরা আমাদের অভিযোগে উল্লেখ করেছি, ছবিটির মাধ্যমে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে শত্রুতা উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
পাওয়ান শর্মা আরও বলেন, ‘আমাদের দায়ের করা অভিযোগটি আমলে নিয়েছেন জয়পুর আদালত। শ্যামনগর পুলিশকে মামলা নথিভুক্ত করার আদেশ দেওয়া হয়েছে। পুলিশকে যথাযথ তদন্তের নির্দেশনাও দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।’
শেকসপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে ‘রাম লীলা’ ছবিটি নির্মাণ করেছেন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা সঞ্জয় লীলা বানশালী। এতে ‘রাম’ ও ‘লীলা’ চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা। ছবিটিতে আরও অভিনয় করেছেন রিচা চাদ্ধা, সুপ্রিয়া পাঠক, গুলশান দেবিয়া প্রমুখ। আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘রাম লীলা’।