রণবীর-দীপিকার ঘনিষ্ঠতায় চটেছেন ক্যাটরিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের প্রেমের রীতি অনুযায়ী বেশ কয়েকবার সম্পর্ক ভাঙা-গড়ার খেলা হয়েছে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের। তবে সম্পর্কের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন বলিউডের এ তারকা জুটি। আর এ জন্য দায়ী করা হয়েছে সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীরের সাম্প্রতিক ঘনিষ্ঠতাকে। কয়েক মাস ধরেই সম্পর্কে টানাপোড়েন চলছে রণবীর ও ক্যাটরিনার মধ্যে। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রণবীর। এ ছবিতে তাঁর সহ-অভিনেত্রী দীপিকা। অন্যদিকে, যশরাজ ফিল্মসের নতুন ছবিতে অভিনয়ের জন্য শাহরুখ খানের সঙ্গে লম্বা সময়ের জন্য লন্ডন পাড়ি জমিয়েছেন ক্যাটরিনা। একসঙ্গে কাজের সুবাদে রণবীর-দীপিকা আবারও ঘনিষ্ঠ হয়েছেন—এমন খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। যদিও তাঁদের পুনর্মিলনের সত্যতা নিশ্চিত হয়নি, তার পরও তাঁদের কর্মকাণ্ডে এ ধরনের আভাস খুঁজে পেয়েছেন অনেকেই। এখন তাঁদের মেলামেশা কেবল ছবির সেটেই সীমাবদ্ধ নেই, বাইরেও তাঁরা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। গত সপ্তাহে একটি পাঁচ তারকা হোটেল থেকে একসঙ্গে বের হতে দেখা গেছে তাঁদের।এক কান দুই কান হয়ে রণবীর-দীপিকার ঘনিষ্ঠতার খবর পৌঁছে গেছে ক্যাটরিনার কানেও। ব্যস, তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি। বিষয়টি নিয়ে রণবীরের সঙ্গে ফোনে উত্তপ্ত বাক্যবিনিময় হয় তাঁর। এরপর ফোন বন্ধ করে দেন রণবীর। একপর্যায়ে মোবাইল ফোনে নতুন একটি সিম ভরে রণবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ক্যাটরিনা। কিন্তু কোনোভাবেই কথা বলতে না পেরে রণবীরের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন ক্যাটরিনা। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।