বলিউডে তাঁদের দুজনের প্রথম ছবি মুক্তি পায় একই দিনে। সময়টা ২০০৭ সাল। তবে বছরটা লাকি সেভেন হলেও দুজনকে একসঙ্গে খুশি করতে পারেনি বক্স অফিস। একজনের ছবি ব্লকবাস্টার হিট (ওম শান্তি ওম), অন্যজনের সুপার-ডুপার ফ্লপ (সাওয়ারিয়া)। বলিউডপাড়ায় দুজনেই তখন নতুন। চেনা-জানা থাকলেও গড়ে ওঠেনি সখ্য। সুযোগটা করে দিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বাচনা হ্যায় হাসিনো ছবিতে প্রথম জুটি বাঁধালেন দুজনকে। দুজনের সম্পর্ক দানা বাঁধল সেখানেই। ছবিও হলো হিট। ফিসফাসও শুরু হয়ে গেল বি-টাউনে। দুজনের ডেটিং নিয়েও বিস্তর রসাল গল্প উঠে এল সংবাদমাধ্যমগুলোতে। কিন্তু তার পরই তাঁদের ছাড়াছাড়ি। সে নিয়েও বিস্তর চর্চা হয়েছে পেজ থ্রিতে। রণবীর-দীপিকার এই গল্প বেশ পুরোনো। তবে পুরোনো গল্পের রিমেক দেখতে কে না ভালোবাসে! তাই তো অফ স্ক্রিনের সেই ভাঙা প্রেমকে অন স্ক্রিনে জোড়া লাগাতে সুপারগ্লুর ভূমিকায় এবার তরুণ বাঙালি পরিচালক অয়ন মুখার্জি। আবারও পর্দায় রণবীর-দীপিকা জুটি। গেল সপ্তাহে মুক্তি পেয়েছে বলিউডের আলোচিত এই জুটির নতুন ছবি ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ।চার বন্ধুর গল্প। বানি (রণবীর কাপুর) প্রাণবন্ত উচ্ছল এক যুবক। তবে মা-বাবা তাকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চায় বানি। অভি (আদিত্য রায় কাপুর) ও অদিতি (কল্কি কোচলিন), বানির দুই অভিন্ন হূদয় বন্ধু। অন্যদিকে নয়না (দীপিকা পাড়ুকোন) পড়ুয়া-মেজাজের। মা-বাবা চান মেয়ে চিকিৎসক হোক। সেও সেই পথেই চলতে থাকে। কিন্তু ওই যে পাগলামো বলে একটা শব্দ আছে, সেটাই জীবনের সবকিছু উল্টে-পাল্টে দেয়। নয়নাও যে এমন কিছু করতে পারে, ভাবেননি তাঁর মা-বাবা, এমনকি তাঁর কলেজের শেষ বেঞ্চের বন্ধুরাও। একদিন সাহস জুগিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে নয়না। বানির সান্নিধ্যে বদলে যায় নয়নার জীবন। একসময় পাগল করা প্রেমের জোয়ার আসে। দুজন ভিন্ন মেরুর মানুষ কীভাবে কাছাকাছি চলে আসেন, কীভাবে একসময় তাঁরা তাঁদের ভালোবাসার লক্ষ্য ছুঁয়ে ফেলে, সেটা নিয়েই ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির বাকি গল্প।অফ স্ক্রিনে যে জুটি ভেঙে যায়, পুনরায় তাঁরা নাকি পর্দায় জুটি বাঁধেন না—এমন রীতি বলিউডে চলে এলেও এ ছবি ছিল নিয়ম ভাঙার ছবি। সম্পর্ক ভেঙে যাওয়ার পর একে অন্যের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিলেও ভালো ছবিতে কাজ করার ইচ্ছাটা শেষ পর্যন্ত রণবীর-দীপিকা কেউই অবহেলা করতে পারেননি। তাই ব্যক্তিজীবনের সব দ্বন্দ্ব ভুলে তাঁরা আবারও একসঙ্গে কাজ করলেন। ছবিটি দেখতে গিয়ে তাঁদের অন স্ক্রিন কেমিস্ট্রির প্রতি আলাদা করে একটা ভালো লাগা তৈরি হবে দর্শকের। পাঁচ বছর বিরতির পর সাবেক প্রেমিকের সঙ্গে আবার জুটি বেঁধে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে দীপিকা বলেন, ‘আমরা একে অপরকে খুব ভালোভাবে জানি। এ জন্য আমাদের ভেতর বোঝাপড়াটাও দারুণ। ছবির সেটে বেশির ভাগ সময় আমরা দুজনই যে যার চরিত্রের মধ্যে ডুবে থাকতাম। কোনো চরিত্রে অভিনয়ের সময় ব্যক্তিজীবনকে সম্পূর্ণ ভুলে যাই আমি। রণবীর এবং আমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এখন আমরা শুধুই বন্ধু এবং আমাদের এই বন্ধুত্ব সারা জীবন অটুট থাকবে।’ওয়েক আপ সিড-এর (২০০৯) পর বলিউডের অধুনা কনিষ্ঠতম পরিচালক অয়ন মুখার্জির এটা দ্বিতীয় ছবি। প্রথম ছবির মতো এবারও করণ জোহরের ধর্মা প্রডাকশনসের ব্যানারে তারুণ্যে ভরপুর আরেকটি ছবি বানালেন অয়ন মুখার্জি। তবে দুটো ছবির ভাবনা এবং মেকিং সম্পূর্ণ আলাদা। নিজের ছবি সম্পর্কে অয়ন মুখার্জি বলেন, ‘জীবনের কতগুলো বিচ্ছিন্ন টুকরা-টুকরা মুহূর্ত, যেমন নেশাগ্রস্ত হয়ে ঘুরে বেড়ানো, অথবা কোনো বিয়েবাড়িতে ২০ বছরের পুরোনো চেনা লোকজনের ভিড়ে নাচতে নাচতে যখন মনে হয় জীবনটা খুব সুন্দর—এই নিবিড় অনুভূতিগুলো নিয়েই আমার এই ছবির চিত্রনাট্য। আমি চেয়েছি এই ভাবনাগুলোকে খুব সরলভাবে প্রকাশ করতে। কারণ, আমি চাই এই ছবিটাও বাণিজ্যিকভাবে সফল হোক। অয়নের এই ছবিটিও যে বাণিজ্যিকভাবে সফল হবে, বক্স অফিস দেখে তা আগেভাগেই আন্দাজ করা যাচ্ছে। ছবিটি প্রথম দিনেই আয় করেছে প্রায় সাড়ে ১৯ কোটি রুপি, যা এ বছরের প্রথম দিনের বক্স অফিস আয়ে শীর্ষে। প্রথম দুই দিনে ছবিটির মোট আয় প্রায় ৪০ কোটি রুপি। ১০০ কোটি ক্লাবের সদস্য হতে খুব বেশি দেরি নেই রণবীর-দীপিকার এই নতুন প্রেমকাহিনির। সাজিদুল হকজিনিউজ, ইন্ডিয়া টাইমস, বলিউড হাঙ্গামা, ফিল্মফেয়ার, বক্স অফিস ইন্ডিয়া, কোইমোই ও আইএমডিবি অবলম্বনে