রণবীর-দীপিকার সখ্য আরও বেড়েছে!
শেকসপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে নির্মিতব্য ‘রামলীলা’ ছবিতে জুটি বেঁধেছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই বাস্তব জীবনে এ জুটির ঘনিষ্ঠতার খবর ডালপালা মেলেছে। সম্প্রতি কলকাতায় ‘গুন্ডে’ ছবির শুটিংয়ে আহত হয়েছিলেন রণবীর। তিনি সেখান থেকে মুম্বাই ফিরেই দীপিকার সঙ্গে দেখা করতে ছুটে যান। মূলত এর পর থেকেই এ জুটির সখ্য আরও বেড়েছে বলেই খবর চাউর হয়েছে বলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘ওয়ান ইন্ডিয়া’ জানিয়েছে, যশ রাজ ফিল্মসের ‘গুন্ডে’ ছবিতে প্রিয়াংকা চোপড়া এবং অর্জুন কাপুরের সঙ্গে কলকাতায় শুটিং করছিলেন রণবীর। ছবিটির মারামারির দৃশ্যে অভিনয়ের সময় রণবীরের পায়ে আঘাত লাগে। পরে তিনি কিছু জরুরি কাজ সারতে মুম্বাই যান। সেখানে ফিরেই ভাঙা পা নিয়ে দীপিকার সঙ্গে দেখা করতে ছুটে যান তিনি। ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির শুটিংয়ের কাজে মহারাষ্ট্রের ওয়াই শহরে অবস্থান করছিলেন দীপিকা। তাঁর সঙ্গে দেখা করার জন্য ছবির সেটে না গিয়ে তিনি যে হোটেলে উঠেছিলেন, সেখানে অপেক্ষা করেন রণবীর। খবর পেয়ে দীপিকা সেখানে যান এবং রণবীরের সঙ্গে দেখা করেন।