রণবীর-প্রিয়াঙ্কার রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়িতে ভোর ছয়টা ১৫ মিনিট। ড্রাইভার তখনো গাড়ি নিয়ে পৌঁছাননি। বিপদ যখন আসে, সব দিক দিয়েই আসে। ড্রাইভারের মুঠোফোন বন্ধ। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে ‘বৃষ্টি’। মুম্বাই শহর এই সাতসকালে বৃষ্টিতে ভিজে একাকার। কিন্তু কোনো অজুহাতই যে বিমানবন্দর কর্তৃপক্ষ শুনবে না। হায়দরাবাদে উড়াল দেওয়ার জন্য উড়োজাহাজ তৈরি। অপেক্ষা শুধু রণবীর কাপুরের। বাধ্য হয়েই কাপুরপুত্র বেরিয়ে পড়েন রাস্তায়। উদ্দেশ্য, নয়নসম্মুখে যা দেখা যায়, তাতে সওয়ারি হয়েই পৌঁছে যাবেন গন্তব্যে। যেই ভাবা, সেই কাজ। অটোরিকশায় চেপে বসলেন রণবীর। অটোরিকশাচালকের তখন ত্রাহি ত্রাহি অবস্থা। এ যুগের সুপারস্টারকে মনভরে দেখবেন, নাকি সুপারস্টারের আদেশ মান্য করে ঝড়ের বেগে বিমানবন্দরে পৌঁছাবেন? কাপুরপুত্রের আদেশই মান্য করলেন তিনি। রণবীর সে যাত্রায় বেঁচে গেলেন। সেদিন হায়দরাবাদে না পৌঁছালে জীবন-মরণ সমস্যা হয়তো হতো না, কিন্তু আনজানা আনজানি ছবির প্রচারণা প্রিয়াঙ্কা চোপড়াকে একাই সামাল দিতে হতো। আর রণবীর তা চাননি। কাজের প্রতি এতটাই নিষ্ঠাবান রণবীর, জানালেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সবার মতো এখন পর্যন্ত কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থের বিনিময়ে নাচতে দেখা যায়নি রণবীরকে, তবে ছবি মুক্তির আগে যেকোনো অনুষ্ঠানে বিনা পারিশ্রমিকে হাজির হয়ে যান তিনি। এ কারণেই বুঝি ‘এ যুগের সুপারস্টার’ বলা হয় তাঁকে। প্রথম ছবি সাওয়ারিয়া ফ্লপ হলেও পরবর্তী সময় বাঁচনা অ্যাই হাসিনো সেমি হিট, ওয়েক আপ সিড হিট, আজব প্রেম কি গজব কাহানি সুপারহিট, রাজনীতি ব্লকবাস্টার হিট এবং অতি সম্প্র্রতি মুক্তি পাওয়া আনজানা আনজানি এখন পর্যন্ত হিট। ৪৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত আনজানা আনজানি মুক্তির আগে ঘরে তুলেছে ৪৩ কোটি রুপি। মুক্তির প্রথম দুই দিন শুধু ভারত থেকেই আয় করেছে ১৭ কোটি। ছবি হিটের পাশাপাশি নতুন জুটি প্রিয়াঙ্কা-রণবীরও হিট। অভিনেতা হিসেবে প্রিয়াঙ্কার যাত্রা ২০০৩ সালে, রণবীর সে তুলনায় চার বছরের ছোট। যদিও প্রিয়াঙ্কার ভাষায়, ‘অভিনয়ের ক্ষেত্রে রণবীর আমার “বস”। ১৪ বছর বয়স থেকে রণবীর অভিনেতা হতে চেয়েছে। দাদা-চাচা-বাবা-মা-কাজিন সবাই অভিনয়ের সঙ্গে জড়িত। চলচ্চিত্রের ওপর দীর্ঘদিন পড়াশোনা করে সহকারী পরিচালনার পাঠ চুকিয়ে রণবীর ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। সে তুলনায় আমি কখনোই অভিনেত্রী হতে চাইনি। বিশ্বসুন্দরীর মুকুটপ্রাপ্তির পর হঠাৎ করেই অভিনয়ের সমুদ্রে ঝাঁপ দিয়েছি। মাঝদরিয়ায় দাঁড়িয়ে কত দিন ভেবেছি, অভিনয় আর নয়। সত্যি বলতে কি, যুদ্ধের ময়দানে নেমে আমি যুদ্ধ করা শিখেছি। এখনো শিখে যাচ্ছি।’আর দশটা প্রেমের ছবির পর্দাজুটির মতো রণবীর-প্রিয়াঙ্কাকে নিয়েও প্রেমের গুন গুন হয়েছে। তবে রণবীর-প্রিয়াঙ্কার মতে, প্রেম করার সময় কই? ঝগড়া করেই বেলা বয়ে যায়! ঠাট্টার ছলেই রণবীর বলেন, ‘প্রিয়াঙ্কা-শাহরুখ খান প্রেমে অন্ধ। কথায় কথায় শাহরুখ প্রসঙ্গ ওকে তুলতে হবেই। মৃত্যুর আগে তাই আমার শেষ ইচ্ছা, প্রিয়াঙ্কা-শাহরুখের ঝগড়া দেখা।’ ওদিকে প্রিয়াঙ্কার ইচ্ছা আরও গুরুতর, ‘মৃত্যুর আগে আমি চাই, রণবীর আরেকটা প্রেম করুক। বেচারা কত দিন ধরে আর একা থাকবে?’ প্রেমিকা কিংবা বিয়ের পাত্রী হিসেবে রণবীর যেকোনো পেশার মেয়ের জন্যই তাঁর হূদয়ের দরজা খোলা রেখেছেন। পাঁচ ফুট চার ইঞ্চি কিংবা দুধে-আলতা গায়ের রং এমন কোনো চাহিদা নেই। ভালো মনের খুব সাধারণ একটি মেয়ে, বড়দের সম্মান করবে, ব্যস, এতটুকুই চাওয়া।আড্ডার ফাঁকে রণবীর-প্রিয়াঙ্কার খুনসুটি চলে বিরতিহীনভাবে। এই যেমন প্রিয়াঙ্কার টুইটার ও ফেসবুক চালনা নিয়েও রণবীর রীতিমতো বিরক্ত, ‘হয়তো কোনো দিন খুব আয়েশ করে আড্ডা দিচ্ছি। হঠাৎ প্রিয়াঙ্কা বলে বসবে, অমুক এইমাত্র টুইট্স দিয়েছে। তমুক এইমাত্র ট্যাগ করেছে। হে খোদা, রক্ষা করো।’ মুক্তির আগে অনেকেই ধারণা করেছিল, আনজানা আনজানি ফ্রেঞ্চ ছবি লা ফিলে সুর লে পন্ট (১৯৯৯) এবং তেলেগু ছবি ইটলু শ্রাবানি সুবরামানায়াম-এর (২০০১) কার্বনকপি। তবে রণবীর-প্রিয়াঙ্কা জানালেন, দুটি ছবির পাত্র-পাত্রী ছবির শুরুতে সেতুর ওপর আত্মহত্যা করতে যান, মিল শুধু এতটুকুই। এর বাইরে আনজানা আনজানির কাহিনি সম্পূর্ণ মৌলিক। ৩০-এ পা দেওয়ার আগে প্রিয়াঙ্কা চান কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে। রণবীর অবশ্য বয়সের সীমারেখায় বিশ্বাসী নন। এই একজীবনে সেরা তারকা, সেরা অভিনেতা হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে জবরদস্ত কিছু ছবি পরিচালনা ও প্রযোজনা করতে চান তিনি। ব্যক্তিগত জীবনে বউ-বাচ্চার সঙ্গে সুখী সংসার, মা-বাবার সুখে-দুঃখে আজীবন পাশে থাকা, পাশাপাশি তরুণ ফুটবলারদের জন্য একটি প্রশিক্ষণ স্কুল, নিউইয়র্কে একটা বাড়ি—রণবীরের স্বপ্ন ডানা মেলছে তো মেলছেই...। আর আর খান, তথ্যসূত্র: ওয়েবসাইট