রণবীর-বিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাতা করণ জোহর কৌতুক করে বলেন, এখন থেকে ‘শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার’-এর নামটি বদলে ফেলতে হবে। একজন বিদ্যা বালানই যেহেতু বছরের পর বছর পুরস্কার ঘরে নিয়ে যাচ্ছেন, তাই এই পুরস্কারের নাম বদলে ‘বিদ্যা বালান পুরস্কার’ হলে মন্দ হয় না! বেচারি বিদ্যা বালান! অন্য নায়িকাদের ঈর্ষার প্রধান এবং একমাত্র পাত্রী এখন তিনি। যেখানে একটি ফিল্মফেয়ার পুরস্কার ঘরে থাকাটাকেই অনেকে অভিনয়-জীবনের অর্জন মনে করেন, সেখানে পরপর চার বছর বিদ্যা একাই শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন! সাত বছরের অভিনয়-জীবনে তাঁর শোকেসে থাকা ফিল্মফেয়ার পুরস্কারের সংখ্যা পাঁচ। পাঁচ সংখ্যাটা এ সময়ের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরেরও বেশ প্রিয়। তাঁর ঘরেও আছে পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার। ২০০৭ সালে সেরা নতুন মুখ পুরস্কার, ২০০৯-এ সমালোচক পুরস্কার, গত বছর রকস্টার-এর জন্য জনপ্রিয়, সমালোচক শাখায় দুটি এবং এ বছর বরফির জন্য একটি পুরস্কার। পরপর দুই বছর রণবীর-বিদ্যা শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী হলেন। ফিল্মফেয়ারের ইতিহাসে এ রকম ঘটনা এবারই প্রথম। কোনো অভিনেত্রীর পরপর চারবার পুরস্কার পাওয়ার রেকর্ডও বিদ্যার আগে কেউ করেননি। শাহরুখ, আমির, সালমান, হূতিকরা এখন আর পুরস্কারের আশা করেন না। কারণ বছরে একটি ছবি করে রণবীরই শেষ পর্যন্ত ছক্কা পিটিয়ে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই রণবীর-বিদ্যাকে এখন বলা হচ্ছে ‘পুরস্কার জুটি’। কারণ শুধু ফিল্মফেয়ারই নয়, জি সিনে, স্ক্রিন, স্টারডাস্ট, আইফা, অপ্সরা—এ রকম অসংখ্য পুরস্কার একযোগে গ্রহণ করতে ব্যস্ত এই জুটি। যদিও বড় পর্দায় এখনো রণবীর-বিদ্যার একসঙ্গে কোনো ছবি দেখতে পায়নি দর্শক, কিন্তু তাতে কী? সাফল্যের পথে দুজন যেন হাতে হাত ধরে হাঁটছেন!বিদ্যা এ বছর কাহানির জন্য পুরস্কৃত হয়েছেন, রণবীর পেয়েছেন বরফির জন্য পুরস্কার। দুটি ছবিরই শুটিং হয়েছে বাংলার মাটিতে, কলকাতায়। বিদ্যা গত বছর পুরস্কৃত হয়েছিলেন দ্য ডার্টি পিকচার ছবির জন্য। রণবীর পেয়েছিলেন রকস্টার-এর জন্য পুরস্কার। দুটি ছবিতেই সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা দুজন তারকার চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর-বিদ্যা। পাঁচ বছরের অভিনয়-জীবনে রণবীর এ পর্যন্ত পুরস্কার পেয়েছেন ৪৫টি। বিদ্যাও সাত বছরে অর্জন করেছেন ৪৫টি পুরস্কার। যদিও বিদ্যার ঝুলিতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা এখনো রণবীরের অধরা। রণবীরের এখন পর্যন্ত মাত্র নয়টি ছবি মুক্তি পেয়েছে, যার মধ্যে ছয়টি হিট। বিদ্যারও ১৪টি মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে ১১টি হিট। অর্থাৎ দুজনের ক্যারিয়ারেই মাত্র তিনটি করে ছবি ফ্লপ। এ মুহূর্তে দুজনের হাতেও আছে তিনটি করে ছবি। রণবীর করছেন ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি (দীপিকা), বেশরম (পল্লবী) এবং বোম্বে ভেলভেট (আনুশকা)। বিদ্যার হাতে আছে ঘনচক্কর (এমরান), শাদি কি সাইড ইফেক্টস (ফারহান) এবং কাহানি টু। বয়সের অঙ্কে যেমন বিদ্যা রণবীরের চেয়ে পাঁচ বছরের বড় (বিদ্যা ৩৫, রণবীর ৩০), তেমনি ব্যক্তিগত সম্পর্কের মামলায়ও দুজনের মধ্যে আকাশ-পাতাল তফাত। বিদ্যার প্রেম-রোমান্স নিয়ে খুব একটা গুজব-গুঞ্জন হয়নি বলিউডে। একজনের সঙ্গেই তিনি প্রণয়ের সম্পর্কে জড়িয়েছিলেন এবং সেই সিদ্ধার্থ রায় কাপুরকেই সম্প্রতি বিয়ে করেছেন। তবে রণবীরের আছে ‘ক্যাসিনোভা’ ইমেজ। দীপিকা পাড়ুকোন হয়ে ক্যাটরিনা কাইফ; মাঝপথে নন্দিতা মাথানি, নার্গিস ফাকরি প্রেমকাহিনিতে জমজমাট রণবীরের ক্যারিয়ার। তবে ব্যক্তিজীবনের হিসাব-নিকাশ করতে গিয়ে অভিনয়ের অভিধান ভুলে যান না রণবীর-বিদ্যা কেউই। তাই তো বছরের পর বছর ভিন্ন ভিন্ন জুরিবোর্ডকে অভিভূত করা যেন দুজনের অভ্যাসে পরিণত হয়েছে! রুম্মান রশীদ খানস্ক্রিন, বলিউড হাঙ্গামা, ফিল্মফেয়ার, টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে