রণবীর সিং-আনুশকা শর্মার লুকোচুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো মেঘ, কখনো বৃষ্টি! রণবীর সিং-আনুশকা শর্মার সম্পর্ক নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। তাঁদের প্রেম আছে কি নেই—এই দোদুল্যমান অবস্থায় দুলছে বলিউড। অনেকে আবার ফোড়ন কেটে বলেন, আদৌ কি তাঁদের কোনোকালে প্রেম ছিল? সবই তো প্রচারণা! রণবীর-আনুশকা তো বরাবরই জোর গলায় দাবি জানিয়েছেন, প্রেম নেই। কিন্তু কে শোনে কার কথা! উভয় পক্ষের লোক এবং প্রযোজকদের অতি উ ৎ সাহী অনুগামীরা ছড়িয়ে দিয়েছেন, রণবীর-আনুশকা এখন বলিউডের ‘হিট অ্যান্ড হট’ আইটেম। আনুশকা বলেন, ‘রণবীরের সঙ্গে সম্পর্কের কথা চিন্তা করাটাও বিরক্তিকর।’ যদি তা-ই হয়, তাহলে রণবীর কাপুরের বাড়ির পার্টি থেকে ফেরার পথে রণবীর সিং আর আনুশকা কেন রাত তিনটায় এক গাড়িতে করে বাড়ি ফিরেছিলেন? ‘সেই কৈফিয়তও দিতে হবে এখন? ঠিক আছে, দিচ্ছি।’—বেজায় বিরক্ত আনুশকা, ‘পার্টি চলাকালে আমাদের তিন বন্ধুর বাড়ি ফেরার তাড়া ছিল। রণবীরের গাড়ি সেই বন্ধুদের বাড়ি নামিয়ে দেয়। আর পার্টি শেষে আমি রণবীরকে আমার গাড়িতে করে নিয়ে যাই। এই তো!’ তারকাদের নিয়ে ‘কোর্ট মার্শাল’ অত সহজে স্তিমিত হওয়ার নয়। নতুন অভিযোগ, গোয়াতে লেডিস ভার্সেস রিকি ভেল ছবির শুটিংয়ে রণবীর-আনুশকা নাকি একই রুমে ছিলেন? রণবীর নিজে নাকি রান্না করে আনুশকাকে মুখে তুলে খাইয়ে দিয়েছেন? ‘গল্প শুনতে ভালোই লাগে। কিন্তু সত্যি হলো, রণবীর এমন এক মানুষ, আমি চাইলেও কিংবা খিদের যন্ত্রণায় মরে গেলেও আমার জন্য রান্না করবে না। মূল ঘটনাটি হলো, আমরা পাশাপাশি ঘরে ছিলাম। পরিচালকসহ আমরা একই ঘরে দুপুরের এবং রাতের খাবার খেয়েছি। সেটাই তিল থেকে তাল হয়েছে।’ রণবীর সিং অবশ্য অভিযোগ শুনে আনুশকার মতো উত্তেজিত হয়ে পড়েননি। তাঁর প্রশ্ন, ‘আনুশকা কোথায় আর আমি কোথায়! আমরা দুজন ভিন্ন মেরুর মানুষ। রণবীর-আনুশকাকে একসঙ্গে জুড়ে দেওয়াও প্রেমের জন্য অপমান। আমাদের নিয়ে বরং রণবীর বনাম আনুশকা লেখাটা যুক্তিযুক্ত হবে। শুটিং ছাড়া তো দুজনের ফোনেও কথা হয় না।’ রণবীর সিং মনে করেন, আনুশকার সঙ্গে পর্দায় রণবীর কাপুরকে সবচেয়ে বেশি মানাবে। তবে ব্যক্তিজীবনে আনুশকার মিডিয়ার বাইরের কাউকেই বিয়ে করা উচিত। কিছুদিন আগে সোনাক্ষী সিনহা জানিয়েছেন, কোনো অভিনেতার সঙ্গে ‘ডেট’ করার প্রস্তাব এলে রণবীর সিংকে তিনি সবচেয়ে বেশি উপযুক্ত মনে করবেন। রণবীর সিং কাকে পছন্দ করবেন? ‘অবশ্যই আনুশকা।’—বেমক্কা আনুশকার নামটিই রণবীরের মুখ ফসকে বেরিয়ে এল। সুতরাং, আবারও গুজব! তুমুল গুঞ্জন! কী দরকার ছিল আনুশকার নামটি নেওয়ার? অবশ্য অনেকে মনে করেন, রণবীর তীক্ষ বুদ্ধির ছেলে। সামনে আনুশকার সঙ্গে তাঁর লেডিস ভার্সেস রিকি ভেল মুক্তি পাবে। সুতরাং, যত বেশি প্রচার, ততই প্রসার।গত বছর ডিসেম্বরের ১০ তারিখে মুক্তি পেয়েছিল মনীষ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ছবি ব্যান্ড বাজা বারাত। রণবীর-আনুশকা অভিনীত এ ছবির কাহিনিকার ছিলেন হাবিব ফয়সাল, সংগীত পরিচালক সেলিম-সুলায়মান। অসম্ভব জনপ্রিয় সেই ছবির প্রত্যেকেই আছেন লেডিস ভার্সেস রিকি ভেল ছবি’তে। বাড়তি সংযোজন আরও তিন নায়িকা—অদিতি শর্মা, দীপান্বিতা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন (যশরাজ ফিল্মসের বিপণন বিভাগের নিয়মিত সদস্য) পরিণীতি চোপড়া। মুক্তি পাচ্ছে একই সপ্তাহে, যে সপ্তাহে মুক্তি পেয়েছিল আনুশকার রাব নে বানা দি জোড়ি, ব্যান্ড বাজা বারাত। শেষ ছবিটির জন্য আনুশকা-রণবীর দুজনই পেয়েছেন একাধিক পুরস্কার। আনুশকা চলে এসেছেন জনপ্রিয় অভিনেত্রীর কাতারে। সুখস্মৃতি হাতড়ে আনুশকা বলেন, ‘পরিচালক করণ জোহর তাঁর শো কফি উইথ করণ-এ বলেছেন, রাব নে বানা দি জোড়ি দেখে তিনি সন্তুষ্ট হয়েছিলেন ঠিক, কিন্তু আমার ভবিষ্য ৎ নিয়ে সন্দিহান ছিলেন। যখন ব্যান্ড বাজা বারাত তিনি দেখলেন, তখন তিনি নিশ্চিত হয়েছেন, তারকা হওয়ার জন্যই আমার জন্ম। যদিও এসব প্রশংসাবাণী আমি সিরিয়াসলি নিই না। আত্মবিশ্বাসী হলেও নিজের সীমাবদ্ধতাটুকু জানি। আমি জানি, আমি ঐশ্বরিয়া রাই কিংবা ক্যাটরিনা কাইফের মতো অনিন্দ্যসুন্দরী নই। অনেক চরিত্র থাকে, যেসব চরিত্রে সুন্দরী অভিনেত্রীদের প্রয়োজন হয়। আমি নিশ্চিত, পরিচালকেরা সেসব চরিত্রে আমাকে ভাবেন না। তবে এটাও জানি, সৌন্দর্য আপেক্ষিক ব্যাপার। হয়তো আমার ভেতরের সৌন্দর্যই সবাইকে একদিন আকৃষ্ট করবে। তা ছাড়া আমি শিখে পড়ে অভিনয়ে আসিনি। একটু তো সময় লাগবেই।’ লেডিস ভার্সেস রিকি ভেল ছবিতে প্রথমবারের মতো একক গান গেয়েছেন তিনি (জাজবা)। এ নিয়ে ভীষণ উত্তেজিত তিনি। আনুশকার হাতে আছে যশ চোপড়া পরিচালিত ছবি (শাহরুখ খান), বিশাল ভারদ্বাজের মূর্তি কি বিজলি কা মানডোলা (ইমরান খান)। রণবীর সিংও বসে নেই। তাঁর হাতে আছে ৫০ কোটি বাজেটের ছবি লুটেরে। উড়ান পরিচালক বিক্রমাদিত্যের এ ছবিতে রণবীরের নায়িকা সোনাক্ষী। রণবীর বলেন, ‘আমি চাইলে এখনই চার বছরের জন্য বুকড হয়ে যেতে পারি। তবে আমি জানি, আমাকে এখন টেস্ট ম্যাচের মতো খেলতে হবে, টি-টোয়েন্টি নয়।’ আনুশকা পেরিয়ে নেহা ধুপিয়া কিংবা সোনাক্ষী সিনহার সঙ্গেও তাঁর রোমান্সের কথা শোনা যায়। তবে এই সব ঘটনাই রণবীর খণ্ডন করেন এভাবে: ‘তরকারির সঙ্গে যেমন লবণ প্রয়োজন, গুঞ্জন ছাড়া তারকাদের অস্তিত্বও অসম্ভব। আমি এসবে বিরক্ত হই না, বরং উপভোগ করি।’ রুম্মান রশীদ খান [বলিউড লাইফ, বলিউড হাঙ্গামা, ফিল্মফেয়ার, স্টারডাস্ট ডট কম অবলম্বনে]