রণবীর সিং-দীপিকার নিউইয়র্ক অভিসার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং-দীপিকা পাড়ুকোন
রণবীর সিং-দীপিকা পাড়ুকোন

মালদ্বীপে পরিবারের সদস্যদের সঙ্গে নতুন বছরকে বরণ করে নেওয়ার পরপরই নিউইয়র্কে উড়াল দিয়েছেন ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ তারকা দীপিকা পাড়ুকোন। আর নিউইয়র্কে একান্ত সময় কাটানোর সময় তাঁকে সঙ্গ দিয়েছেন তাঁর সহ-অভিনেতা ও ‘ভালো বন্ধু’ রণবীর সিং। শুধু তাই নয়, গতকাল দীপিকার জন্মদিনও তাঁরা একসঙ্গে উদযাপন করেছেন সেখানে। এসব কারণে ফের রণবীর সিং ও দীপিকার অভিসারের গুঞ্জন ডালপালা মেলেছে।
গত বছরের আলোচিত ছবি ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন রণবীর ও দীপিকা। শেকসপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ছবিটির প্রধান দুটি চরিত্রে কাজ করতে গিয়ে রণবীর-দীপিকার মধ্যে সখ্য গড়ে ওঠে। বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরে-বেড়াতে দেখা যায় এ জুটিকে। এর পরিপ্রেক্ষিতে তাঁদের অভিসার ও প্রেমের খবর চাউর হয় বলিউডে।
অবশ্য বলিউডের প্রেমের চিরায়ত রীতি মেনে রণবীরকে স্রেফ ভালো বন্ধু বলে দাবি করেছেন দীপিকা। জীবনে বিশেষ কেউ নেই বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘এই মুহূর্তে আমার জীবনে বিশেষ কেউ নেই। সময় হলেই প্রেম ও বিয়ের পথে হাঁটব আমি।’
সম্প্রতি নিউইয়র্কে একটি রেস্তরাঁয় একসঙ্গে দেখা যায় রণবীর ও দীপিকাকে। প্রিয় তারকা জুটিকে পেয়ে ভক্তরা এগিয়ে যান তাঁদের কাছে। অটোগ্রাফ নেন এবং ছবি তোলেন। এভাবে ভক্তদের মনোযোগ আকর্ষণ করতে পেরে রণবীরকে বেশ আনন্দিতই দেখাচ্ছিল। অন্যদিকে, ভক্তদের অনুরোধ রাখতে মুখে হাসি ধরে রেখে ছবি তুললেও অস্বস্তিতে ভুগছিলেন দীপিকা। এক পর্যায়ে রণবীর-দীপিকাকে দেখার জন্য প্রচুর মানুষ জমে গেলে দীপিকাকে দেখে বেশ বিমর্ষ মনে হয়। এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গতকাল ৫ জানুয়ারি ছিল দীপিকার ২৮তম জন্মদিন। দীপিকার জীবনের বিশেষ দিনটিতেও তাঁকে সঙ্গ দেন রণবীর। নিউইয়র্কে হই-হুল্লোড় করে জন্মদিন উদযাপন করতে দেখা যায় এ জুটিকে।