রণবীরের প্রতি সোনমের 'অপ্রেম'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর কয়েক আগে ‘সাওয়ারিয়া’ ছবির সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সোনম কাপুরের প্রেমের খবরে তোলপাড় উঠেছিল। এত বছর নিশ্চুপ থাকলেও সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন সোনম। স্পষ্ট করে কিছু না বললেও ইশারা-ইঙ্গিতে তিনি যা বোঝাতে চেয়েছেন তা হলো, রণবীরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল না।‘সাওয়ারিয়া’ ছবিতে জুটি বেঁধে অভিনয়ের মাধ্যমে ২০০৭ সালে বলিউডে যাত্রা শুরু করেছিলেন রণবীর-সোনম। ওই সময় এ জুটির বাস্তব জীবনের প্রেমের খবরে সরগরম হয়ে উঠেছিল বলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যম। কিন্তু তাঁদের কেউই এ বিষয়ে মুখ না খোলায় রণবীর-সোনম প্রেমকাহিনি সবার কাছে রহস্যই থেকে গেছে। সম্প্রতি সেই রহস্যের জট খুলেছেন সোনম। তিনি দাবি করেছেন, ‘সাওয়ারিয়া’ ছবিতে অভিনয়ের সময় কারও সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল না। জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী কাপুর পরিবারের ছেলে রণবীর। আর সোনমের বাবা বলিউডের প্রখ্যাত অভিনেতা অনিল কাপুর। চলচ্চিত্র পরিবারের সন্তান হিসেবে রণবীর-সোনমের মধ্যে শৈশবেই বন্ধুত্ব গড়ে উঠেছিল। ‘সাওয়ারিয়া’ ছবিতে জুটি বেঁধে কাজ করতে গিয়ে তাঁদের সেই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে বলেই খবর চাউর হয়েছিল।

সম্প্রতি এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সোনম বলেন, ‘এখন পর্যন্ত আমি যাঁদের সহ-অভিনেতা হিসেবে পেয়েছি, তাঁদের প্রায় সবারই প্রেমের সম্পর্ক ছিল। আর বাকিরা ছিলেন বিবাহিত। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন রণবীর। “সাওয়ারিয়া” ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছিলাম। কিন্তু ওই সময়টায় আমার জীবনে কোনো প্রেম আসেনি। তখন আমি একাই ছিলাম।’