রণবীরের বাড়িতে প্রবেশ নিষেধ ক্যাটরিনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর-ক্যাটরিনা
রণবীর-ক্যাটরিনা

স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে ছুটি কাটানোর সময় রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের অন্তরঙ্গ ছবি ফাঁসের ঘটনায় তোলপাড় চলছে বলিউডে। বিষয়টিকে ভালোভাবে নেননি রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নিতু কাপুর। সম্প্রতি এক খবরে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, রণবীরের বাড়িতে ক্যাটরিনার ঘন ঘন যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন রণবীরের বাবা ঋষি কাপুর। বান্দ্রার পালি হিল এলাকায় অবস্থিত কৃষ্ণরাজ বাংলোতে বাবা-মায়ের সঙ্গে থাকেন রণবীর। সেখানে বেশ ঘন ঘনই যাতায়াত করেন ক্যাটরিনা। এমনকি মাঝরাতেও সেখানে হাজির হয়ে মুখরোচক খবরের জোগান দিয়েছেন ক্যাট। রণবীরের বাড়িতে ক্যাটরিনা তাঁর জন্মদিনও উদযাপন করেছেন। এমনকি রণবীরের বাবা-মায়ের সঙ্গে তাঁর দারুণ সুসম্পর্ক রয়েছে। কিন্তু রণবীরের সঙ্গে ক্যাটের অন্তরঙ্গ ছবি ফাঁসের ঘটনাকে সহজভাবে নিতে পারেননি ঋষি ও নিতু। তাঁরা মনে করছেন, এ ঘটনা রণবীরের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে। এ জন্য রণবীরের বাড়িতে ক্যাটের ঘন ঘন যাতায়াতের ওপর কড়াকড়ি আরোপ করেছেন ঋষি কাপুর।

প্রসঙ্গত, গত জুলাই মাসের শুরুর দিকে ম্যাকাওতে আইফা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে ক্যাটরিনা চলে যান স্পেনে। সেখানে আগে থেকেই তাঁর জন্য অপেক্ষা করছিলেন রণবীর। স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে অবকাশযাপনের সময় গোপনে তাঁদের একান্ত মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেন আলোকচিত্রীরা। পরে ছবিগুলো প্রকাশিত হয় ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনে। ছবিগুলোতে বিকিনি পরা অবস্থায় দেখা গেছে ক্যাটকে।
এ প্রসঙ্গে ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনের সম্পাদক রাম কমল জানান, ‘নিজেদের প্রেম নিয়ে বহু দিন লুকোচুরি খেলার পর এখন অনেকটা প্রকাশ্যেই মেলামেশা করছেন রণবীর-ক্যাটরিনা। ভালোবাসার কথা সবাইকে জানানোর মধ্যে দোষের কিছু নেই। আমাদের প্রকাশিত ছবিগুলোতে তাঁদের প্রেমের গভীরতা স্পষ্ট ফুটে উঠেছে।’
ছবি ফাঁসের ঘটনায় শুরুতে মুখ না খুললেও প্রতিক্রিয়া জানাতে পরে একটি খোলা চিঠি লেখেন ক্যাটরিনা। ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত সেই চিঠিতে ক্যাটরিনা লিখেছেন, ‘আমি স্পেনে অবকাশযাপনে গিয়েছিলাম। সে সময় লুকিয়ে এসব ছবি তোলা হয়েছে কোনো রকম অনুমতি না নিয়েই। শুধু তাই নয়, ছবিগুলো প্রকাশও করা হয়েছে বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে। ভীরু-কাপুরুষের মতো এমন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
ক্যাটরিনা আরও লিখেছেন, ‘তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা না দেখিয়ে ও শালীনতার তোয়াক্কা না করে অসাধু সাংবাদিকতার চর্চা চলছে। একশ্রেণীর অসাধু সাংবাদিক শকুনের মতো ওত পেতে তারকাদের ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করছেন। আমার এসব ছবি ফাঁস করে সেই অসাধু সাংবাদিকতাকেই উত্সাহিত করা হয়েছে। বরাবরই গণমাধ্যমের সঙ্গে আমি সুসম্পর্ক বজায় রেখেছি। চাইলেই যেকোনো সময় গণমাধ্যমকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কাজেই আমার ওপর এভাবে চুপিসারে আক্রমণ চালানোর কোনো কারণ নেই।’