রণবীরের বিয়ের প্রস্তাবে ক্যাটরিনার 'না'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা-রণবীর
ক্যাটরিনা-রণবীর

এবার বলিউডের আলোচিত তারকা জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ সম্পর্কে বোমা ফাটানোর মতোই এক তথ্য ফাঁস হল। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, ক্যাটকে বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন রণবীর। এমনকি ক্যাটকে সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু বিধি বাম! রণবীরের বিয়ের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেননি ক্যাটরিনা। তিনি নিজের ক্যারিয়ারের কথা ভেবেই রণবীরের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

শত চেষ্টা করেও নিজেদের প্রেমের সম্পর্কের কথা লুকাতে পারেননি রণবীর-ক্যাটরিনা। তাঁদের প্রেমের বিষয়টি অনেকটা খোলা বইয়ের পাতার মতোই। বছরের পর বছর ধরে লুকোচুরি খেলার পর অবশেষে ২০১৩ সালে ক্যাটকে নিজের জীবনের বিশেষ মানুষ বলে স্বীকৃতি দেন রণবীর। শুধু তাই নয়, ক্যাটের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারেন বলেও জানান রণবীর।
মেয়ে পটানোর ক্ষেত্রে এখন পর্যন্ত ভালোই সাফল্য দেখিয়েছেন ‘চকোলেট বয়’ তকমা পাওয়া রণবীর। সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, নার্গিস ফাকরিসহ একাধিক সহ-অভিনেত্রীর সঙ্গে রণবীরের প্রেমের খবর চাউর হয়েছে। কিন্তু যাঁকে নিয়ে থিতু হতে চান সেই ক্যাটরিনাকেই বশে আনতে পারছেন না বেচারা রণবীর। ক্যাট তাঁর ক্যারিয়ার নিয়ে এত বেশি সিরিয়াস যে রণবীরের সঙ্গে চুটিয়ে প্রেম করতে আপত্তি না থাকলেও কোনো অবস্থাতেই বিয়ে করে ক্যারিয়ারের বারোটা বাজাতে চান না। আপাতত ক্যারিয়ারের দিকেই সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত রাখতে চান ৩০ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
অন্যদিকে, ২৮ বছরের মধ্যেই বিয়ে করে ঘর-সংসার শুরুর পরিকল্পনা ছিল রণবীরের। একবার এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছিলেন রণবীর নিজেই। ২০১৩ সালের ২৮ সেপ্টেম্বর ৩১ বছর বয়সে পা দিলেও এখন পর্যন্ত তাঁর বিয়ের ঘণ্টা বাজেনি। ক্যাটরিনার পথ চেয়েই সম্ভবত ব্যাচেলর তকমাটা ধরে রেখেছেন এই ‘আজব প্রেম কি গজব কাহানি’ তারকা।
এদিকে, কফি উইথ করণ অনুষ্ঠানে ক্যাটরিনাকে ভাবি সম্বোধন করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন রণবীরের চাচাতো বোন কারিনা কাপুর খান। এ প্রসঙ্গে জানতে চাইলে ক্যাটরিনার ভাষ্য ছিল, ‘কারিনা-রণবীর চাচাতো ভাই-বোন। তাঁরা সব সময় একে অন্যকে খোঁচায়। আমার মনে হয়, কারিনা স্রেফ মজা করার জন্যই এমন মন্তব্য করেছেন। এটাকে সিরিয়াসভাবে নেওয়ার কিছু নেই।’
শুধু তাই নয়, আগামী ২০-৩০ বছরের মধ্যে বিয়ে করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্যাটরিনা। এ বিষয়ে তাঁর সরল স্বীকারোক্তি, ‘এই মুহূর্তে কাউকে বিয়ে করে থিতু হওয়ার কোনো রকম পরিকল্পনা আমার নেই। অন্তত আগামী ২০-৩০ বছরের মধ্যে বিয়ে করব না আমি।’
ক্যাটরিনাকে জীবনের বিশেষ মানুষ স্বীকৃতি দিয়ে তাঁর জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারেন—রণবীরের এমন স্বীকারোক্তি নিয়ে ক্যাটের মন্তব্য, ‘কাছের বন্ধুর প্রয়োজনে আমিও আমার জীবন দিতে পারি। রণবীরের যে কোনো প্রয়োজনে অবশ্যই আমি তাঁর পাশে থাকব।’
রণবীরের পাশে থাকার অঙ্গীকার করলেও তাঁকে কখনোই বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্যাটরিনা। তিনি বলেছেন, ‘ক্যাটরিনা কখনোই রণবীরকে বিয়ে করবে না। হ্যাঁ, এটা পুরোপুরি নিশ্চিত। আমার বাগদান ও বিয়ে নিয়ে অনেক গল্প রটানো হচ্ছে। আমি জোর গলায় বলছি, এই মুহূর্তে কারও সঙ্গে আমার বাগদান কিংবা বিয়ের কোনো রকম সম্ভাবনা নেই। রণবীর তাঁর পছন্দমতো যাঁকে ইচ্ছে তাঁকে বিয়ে করতে পারে। আমার প্রত্যাশা, রণবীর ও তাঁর ভবিষ্যৎ জীবনসঙ্গী দুজনের সম্মতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আমি মনে করি, সংসার জীবন শুরুর সিদ্ধান্ত নিলে সবারই উচিত বিয়ে করে থিতু হওয়া।’