রণেশ দাশ গুপ্তকে স্মরণ করল উদীচী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে গান গাইছেন শিল্পীরা
অনুষ্ঠানে গান গাইছেন শিল্পীরা

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গতকাল বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে রণেশ দাশ গুপ্তকে স্মরণ করল। ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে ছিল গান, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠান।

শুরুতে রবীন্দ্র, গণ ও লোকসংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। তাঁরা পরিবেশন করে ‘কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো’, ‘আমরা পুবে-পশ্চিমে, আকাশে-বিদ্যুতে’, ‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই’ প্রভৃতি গান।
এরপর উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এ পর্বে রণেশ দাশ গুপ্তের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন অতিথিরা। এ পর্বটি সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। আলোচনা সভার পর ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের নৃত্যশিল্পীরা। আবৃত্তি করেন সরদার আব্দুল করিম, মিজানুর রহমান ও আশুতোষ রুদ্র।
১৯১২ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন রণেশ দাশ গুপ্ত। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন।