রণেশ দাশগুপ্তকে উদীচীর স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মরণসভায় আলোচকবৃন্দ
স্মরণসভায় আলোচকবৃন্দ

গতকাল শুক্রবার সন্ধ্যায় রণেশ দাশগুপ্তের ১৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদ। ঢাকার তোপখানা রোডের উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে উদীচীর শিল্পীদের গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শুরু হয় সাহিত্যিক ও সাংবাদিক রণেশ দাশগুপ্তের ওপর আলোচনা অনুষ্ঠান। আলোচনায় অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম, সাধারণ সম্পাদক প্রবীর সরদার, কেন্দ্রীয় সংসদের সদস্য ও উদীচী কানাডা সংসদের সাবেক সভাপতি আজিজুল মালিক, ঢাকা মহানগর সংসদের সহসভাপতি অধ্যাপক এ. এন. রাশেদা, অমিত রঞ্জন দে, সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ও সহসাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য মিনহাজুল আবেদীন।
স্মরণসভায় বক্তারা বলেন, রণেশ দাশগুপ্ত আজীবন একটি অসাম্প্রদায়িক মৌলবাদমুক্ত সাম্যবাদী সমাজ গড়ার প্রত্যয় নিয়ে লড়াই-সংগ্রাম করে গেছেন। একজন তুখোড় সাংবাদিক, বিজ্ঞ সাহিত্যিক, অসামান্য প্রাবন্ধিক হিসেবে রণেশ দাশগুপ্ত তাঁর জীবনকালে সব সময়ই তার আশপাশের মানুষকে শিখিয়ে গেছেন কীভাবে সৎ থেকে, নিজের আদর্শে অটল থেকে সমাজ পরিবর্তনের স্বার্থে ইতিবাচক কাজ করা যায়।
অনুষ্ঠানের মাঝে আবৃত্তি পরিবেশন করেন উদীচী কাফরুল শাখার সহসভাপতি সুব্রত ভট্টাচার্য, ঢাকা মহানগর সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য সুমিত পাল ও গান পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। ১৯১২ সালে জন্ম নেওয়া রণেশ দাশগুপ্ত ১৯৯৭ সালের ৪ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন।