রণেশ দাশগুপ্তের জন্মদিন উদযাপিত
পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনের দেয়ালজুড়ে নানা রঙের ঘুড়িতে সজ্জিত ছিল। মঞ্চের বাঁ পাশে ছিল ফুলের মালা জড়ানো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্তের প্রতিকৃতি। গতকাল শনিবার ছিল এই প্রথিতযশা সাহিত্যিক, সাংবাদিক ও বিপ্লবীর শততম জন্মদিন। উদীচী আয়োজন করেছিল তাঁর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান।প্রথমেই গণসঙ্গীত ‘হে মহামানব একবার এসো ফিরে’ ও ‘বন্ধু আজ দোদুল্যমান পৃথ্বি/ আমরা গড়ব ভিত্তি’ পরিবেশন করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর প্রতিকৃতিতে ফুল দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন শাখার নেতা-কর্মীরা। গোলাম মোহাম্মদ ইদুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শুভ রহমান, কাজী মদিনা, হাসান আরিফ, কামরুল আহসান খান, বদিউর রহমান, হাবিবুল আলম, এ এন রাশেদা প্রমুখ। বক্তারা রণেশ দাশগুপ্তের বৈচিত্র্যময় সংগ্রামী জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করেন। তাঁরা বলেন, রণেশ দাশগুপ্ত ছিলেন আজীবন সংগ্রামী। তাঁর সাহিত্য ও শিল্পকর্মের মাধ্যমে তিনি গণমানুষের মুক্তির পথ দেখিয়েছেন। আদর্শিক সমাজ গড়তে উদীচী, প্রগতি লেখক সংঘের মতো প্রগতিশীল সংগঠন গড়ে তুলেছিলেন তিনি।