রথযাত্রা থেকেই যাত্রার অগ্রযাত্রা
শ্রীকৃষ্ণের রথযাত্রা থেকে বাংলা যাত্রার (অগ্রযাত্রার) সূচনা হয়ে আসছে সুদূর অতীতকাল থেকে। গত বৃহস্পতিবার রথযাত্রার দিনে পেশাদার বিভিন্ন দলে আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে নয়া মৌসুমের কার্যক্রম শুরু হয়েছে। আবার কোনো কোনো দল ছুটি না দিয়েও পালা মঞ্চায়ন অব্যাহত রেখেছে। সাভারের জিরানিতে কপিলমুনির প্রতিমা অপেরা এখনো গান-বাজনা করছে। যাত্রাশিল্পের ব্যবসায়িক ম্যানেজার আবদুল মান্নান এই মৌসুমে রয়েছেন প্রতিমাতে। যাত্রার আয়োজন করেছেন টঙ্গীর রমজান আলী মিয়া। ঢাকার হাজারীবাগেও হানিফ মিয়ার একটা প্যান্ডেলে কেয়া যাত্রা ইউনিট মঞ্চায়নে নামবে।উত্তরবঙ্গের দিনাজপুরের একটি মাঠে গীতিনাট্য যাত্রাগান চলছে। আগামী মৌসুম সামনে রেখে এই প্রয়াসে নেমেছে আলী আসগর ম্যানেজারের দি চ্যালেঞ্জার অপেরা, ম্যানেজার স্বপন পান্ডের চৈতালী অপেরা, ম্যানেজার তাপস নন্দীর সুন্দরবন অপেরাসহ নামীদামি দলের মধ্যে নিউ ভোলানাথ অপেরা, আদি বঙ্গশ্রী অপেরা, নিউ রাজমহল ও আদি রাজমহল অপেরা। বর্তমানে টিকে থাকা প্রতিমার পালাগান শুনতে দলে দলে লোক আসছে জিরানির প্যান্ডেলে। পেশাদার দলগুলো ছুটিতে থাকার কারণে বিভিন্ন দলের তারকাশিল্পীদের সমাগম ঘটছে প্রতিমার ব্যানারে। এখানে বিশাল জনমানুষের সুকুমার মননের প্রতিফলন ঘটছে প্রতি রাতে। দেশজ সংস্কৃতির গৌরবময় ধারাকে স্বকীয় মহিমায় উজ্জ্বল রাখতে শিল্পী-কুশলীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিল্পীরা মনে করেন, যাত্রার যে নাট্যগুণ আছে, তা সহজেই দর্শকের মনকে অধিকার করে। যাত্রার ‘নবরস’ সহজেই দর্শকদের অভিভূত করার ক্ষমতা রাখে। জিরানির প্যান্ডেলে দর্শকের সরব উপস্থিতি দেখলেই তার প্রমাণ মেলে। জিরানির প্যান্ডেলেও আলোড়িত হচ্ছে শত শত শ্রোতা-দর্শক। পালার ভাব-ভাষাও তত্ত্বকথায় মুগ্ধ হচ্ছে তারা।