
রথযাত্রার সঙ্গে বাংলা যাত্রার নিবিড় সম্পর্ক তৈরি হয়ে আছে সেই প্রাচীনকাল থেকে। এই দিনে পেশাদার যাত্রাদলের শুভসূচনা হয়। আর মৌসুম শুরু হয় দুর্গাপূজার সপ্তমীর দিনে।
যাত্রাগানের পালাবদলে নানা রকম পরিবর্তন এলেও এর শুভারম্ভে কোনো অদলবদল হয়নি। এবারও প্রতিবারের মতো পেশাদার দলগুলোর মালিকেরা রথযাত্রার দিনে মঙ্গলঘট স্থাপন করেছেন। নানা রকম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগামী মৌসুমের পালা নির্বাচন ও দলে শিল্পী নিয়োগ দিয়েছেন। এখন চলছে দলে মহড়ার প্রস্তুতি। নতুন পালার গানে সুর বসানো আর নৃত্যের মহড়া নিয়ে ব্যস্ত সময় কাটছে পেশাদার দলগুলোর।
একটি পরিসংখ্যানে দেখা গেছে, এবারও অন্যান্য বারের মতো যশোর-খুলনায় বেশি সংখ্যক দল সংগঠিত হচ্ছে। নতুন নতুন পালাও থাকছে কয়েকটি দলে। সেসব দলে আবার দেশীয় পালাকারের পালা রাখা হচ্ছে পরীক্ষামূলকভাবে। তবে দলের সংখ্যা গতবারের চেয়ে এবার কম থাকছে। দেশের সার্বিক অবস্থা মাথায় রেখে ধীরে-সুস্থে এগোচ্ছেন দলের মালিকেরা।
ভ্রাম্যমাণ যাত্রাদলের পদে পদে বিপদ যাচ্ছে। গতবার দিনাজপুরে কান্তজির মেলায় একটি যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণের পর সারা দেশে যাত্রাগান সীমিত হয়ে আসে। এবার রথের দিনেই ঝিনাইদহের বামন আইলে উদয়ন নাট্যগোষ্ঠী বিদ্রোহী ভগবান যাত্রাপালা মঞ্চায়ন করে দলের শুভসূচনা করেছে। এ দলটির উল্লেখযোগ্য পৌরাণিক যাত্রাপালা হচ্ছে কুরুক্ষেত্রে, গঙ্গাপুত্র ভীষ্ম ও বিদ্রোহী ভগবান। অভিনেতারা হচ্ছেন এস এম শফি, আশুতোষ রায়, ফিরোজ সাই, বিপুল বিশ্বাস, দিনেশ বিশ্বাস, নিতাই মণ্ডল, সুভাষ চন্দ্র বিশ্বাস, পরিতোষ কুমার, অঞ্জু চৌধুরী, রুবি খাতুন, মায়া রানী, সম্পা বিশ্বাস ও রেবতী বিশ্বাস। বিদ্রোহী ভগবান পালার নির্দেশনায় ছিলেন এস এম শফি।