রথী ফিরছেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বর্গ থেকে এই জগতে তুমি এসেছ, আমি এসেছি’—অবুঝ দুটি মন ছবির গান। ১৯৯৩ সালের ১ অক্টোবর এই গানের সঙ্গেই ঢাকাই ছবিতে যুক্ত হয়েছিলেন দুটি নতুন মুখ—আমিন খান ও চাঁদনী। মোহাম্মদ হোসেন পরিচালিত সনি পিকচার্সের ছবির মাধ্যমে চাঁদনী সে সময় ঢালিউডে আলোচনার ঝড় তুললেও অবুঝ দুটি মনই ছিল তাঁর শেষ ছবি। অবশ্য পোশাকি নাম ‘চাঁদনী’ ধারণ করার আগে নিজের প্রকৃত নাম ‘রথী’ ব্যবহার করে তিনি আরও একটি ছবি করেছিলেন নব্বইয়ের দশকে। সুভাষ দত্ত পরিচালিত আগমন নামের সে ছবিতে রথীর সহশিল্পী ছিলেন ববিতা, রাজ্জাক, হানিফ সংকেতের মতো তারকারা। ওই সময় বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে ঝড় তুললেও শেষ দিকে রথী আলোচনায় এসেছিলেন ‘নগরবাউল’ জেমসের ঘরনি হিসেবে। ২০০২ সালের দিকে জেমস-রথীর সংসারের ভাঙন নিয়ে মিডিয়ায় কম তোলপাড় হয়নি। সময়ের ব্যবধানে সেই ঝড় থেমে গেছে। হারিয়ে গেছেন তারকা রথী। তবে চিরতরে নয়; কারণ, রথী আবারও ফিরছেন। বড় রকমের প্রস্তুতি নিয়েই রথী আবার যাত্রা শুরু করতে যাচ্ছেন অভিনয় অঙ্গনে। যদিও তিন বছর আগে তাহের শিপনের মেগা ধারাবাহিক অদ্ভুতুড়ের কয়েকটি পর্বে অতিথি চরিত্রে অভিনয় দিয়ে টিভি নাটকে প্রথম পা রেখেছিলেন রথী। তবে এবার পুরোদমে অভিনয় করতে চান তিনি। চান্দা মাহজাবীনের ধারাবাহিক আয়নাঘর এবং মাসুদ আকন্দের চেম্বার ৪৯ ধারাবাহিকে ইতিমধ্যেই কাজ করছেন তিনি। উপস্থাপনার কথাবার্তাও চলছে। ভালো প্রস্তাব এলে মডেলিংয়েও ফিরে যাবেন। সদাহাস্যোজ্জ্বল রথীকে প্রত্যাবর্তনের কারণ জিজ্ঞাসা করতেই হাসি ছড়িয়ে বলেন, ‘অধিক শোকে পাথর হয়ে গিয়েছিলাম। শোক সামলাতে আট বছর লেগেছে। এ সময়টায় বাচ্চাদের সময় দিয়েছি। হঠাত্ করেই মনে হলো, নিজেকে গুটিয়ে নেওয়া ঠিক হয়নি। ব্যস, তাই আবারও চলে এলাম।’ এখন কি একাই থাকছেন? ‘একা কোথায়? বোনের সঙ্গে থাকছি। আমার ছেলে দানিশ ক্লাস সেভেনে, মেয়ে জান্নাত ক্লাস ওয়ানে পড়ছে। ওদের পেছনে পুরোটা সময় দিচ্ছি। ওদের দেখাশোনার ফাঁকে ফাঁকেই এখন কাজ করব।’ চলচ্চিত্রেও কি ফিরে যাবেন? ‘ভালো চলচ্চিত্র হলে কেন নয়? অবুঝ দুটি মন-এর মতো ছবিতে হয়তো কাজ করা হবে না। সে বয়সও নেই, মনমানসিকতাও নেই। তবে মনপুরা, আহা, প্রিয়তমেষুর মতো ছবি হলে চলচ্চিত্রেও কাজ করার ইচ্ছা আছে।’