রথীন চক্রবর্তীর ‘মাটির মানুষ’
শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রথীন চক্রবর্তীর গানের অ্যালবাম মাটির মানুষ-এর মোড়ক উন্মোচন করা হলো গত শুক্রবার। নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন তাঁর দীর্ঘদিনের সুহূদ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি প্রমুখ। শিল্পী রথীন চক্রবর্তী নারায়ণগঞ্জে মূলত শিশুসংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ঘরোয়া পরিবেশেই তিনি গান করে থাকেন। রবীন্দ্রসংগীতসহ দেশের গান ও জনপ্রিয় আধুনিক গান নিয়ে এই প্রথম তাঁর গানের অ্যালবাম প্রকাশিত হলো। উদ্বোধনী পর্বের পর সিডির গান গেয়ে শোনান শিল্পী। সিডির গানগুলোর মধ্যে রয়েছে ‘তুমি কি কেবলই ছবি’, ‘আমি তোমায় যত’, ‘মাটির মানুষ মাটি নিয়া’, ‘তুমি নির্মল করো’, ‘জীবনের যদি দীপ’, ‘চট্টগ্রাম বীর চট্টগ্রাম’, ‘মধুর আমার মায়ের হাসি’, ‘শুভ্র সমুজ্জ্বল হে নির্মল’, ‘আমার খেলা যখন’, ‘এত সুর আর এত গান’, ‘সুনীল সাগরে শ্যামল কিনারে’, ‘শুভ কর্মপথে’।