রথীন্দ্রনাথ রায়ের জনপ্রিয় কিছু গান
>

রথীন্দ্রনাথ রায়। কণ্ঠযোদ্ধা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী। অসংখ্য কালজয়ী গান তাঁর কণ্ঠে আমরা পেয়েছি। সেই তালিকা অনেক লম্বা। এই শিল্পী এখন স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। স্মৃতিকাতর হয়ে মাঝেমধ্যে দেশে আসেন। এবারও এসেছেন। থাকবেন কিছুদিন। এক বিকেলে এই গুণী শিল্পীর কাছ থেকে তাঁর গাওয়া জনপ্রিয় কিছু গান আর সেই গানগুলোর পেছনের গল্প শুনেছেন কবির বকুল।
১৯৬৬ সালে জীবনে প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করি, খান আতাউর রহমানের সাত ভাই চম্পা ছবিতে। মমতাজ আলী খানের কথা আর সুরে গানটি ছিল ‘কন্যা গো আমার ছয় মাসের সফর, বাণিজ্য করতে যাব আমি ফুলতলার শহর’। দ্বৈত এ গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত মৌসুমী কবির। মনে আছে, গানটি কণ্ঠে তুলতে গিয়েছিলাম পুরান ঢাকার খাজে দেওয়ান রোডে, খান আতাউর রহমানের পৈতৃক বাড়িতে। গানটি রেকর্ড হয় ফার্মগেটে; ধারাপাত আর সূর্যস্নান ছবির প্রযোজক সালাউদ্দিনের ঢাকা রেকর্ডস স্টুডিওতে। ছবিটি খুব ব্যবসাসফল হয়। টানা কয়েক মাস প্রেক্ষাগৃহগুলোতে চলে। তখন একটি ছবির সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি, হীরকজয়ন্তী হতো। মনে আছে সাত ভাই চম্পা ছবিটির গোল্ডেন জুবিলি হয়েছিল। আমরা এই ছবির কলাকুশলীরা একটি করে ক্রেস্ট পেয়েছিলাম।
এরপর আমি খান আতাউর রহমানের লেখা ও সুরে দুটি গান করি সুজন সখী ছবিতে। মনে পড়ে, একদিন শাহবাগ রেডিওতে গিয়েছি গান গাইতে। হঠাৎ দেখা হয়ে যায় খান আতাউর রহমানের সঙ্গে। তিনি আমাকে দেখেই বললেন, ‘এই, তোকে খুঁজছি। আমার সহকারী গিয়েছিল তোকে খবর দিতে, পায়নি। তোর জন্য দুটো গান রেখে দিয়েছি, বাড়িতে আয়, গান তুলে নিয়ে যা।’
তিনি তখন খাজে দেওয়ান রোডের বাড়ি ছেড়ে মগবাজারে চলে এসেছেন। ওখানে গিয়ে গান দুটো তুললাম। প্রথম গানটি ছিল ‘হায়রে কথায় বলে, গাছে বেল পাকিলে তাতে কাকের কী’। অন্যটি ‘ও কি ও নিদয়া বিধিবাম হইল রে’। পরের গানটি বিখ্যাত ভাওয়াইয়া গান ‘ও কি ও কাজল ভ্রমরারে’র সুরেই গাঁথা। দুটি গান রেকর্ড হয়েছিল এফডিসির প্রজেকশন রুমে।
এরপর ফেরদৌসী রহমান প্রথম যে ছবিটির সংগীত পরিচালনা করেন নোলক, সেই ছবিতে তিনি আমাকে দিয়ে গাওয়ান তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমেদের সুরে, আবদুল করিমের কথায় ‘বাওকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে’ গানটি। মনে আছে, রেকর্ডিংয়ের সময় আমাকে ছবির পরিচালক শিবলী সাদিক বললেন, ‘আচ্ছা, গাড়িয়ালরা গরুর গাড়ি চালানোর সময় মুখে কোনো শব্দ ব্যবহার করে না, যা এই গানে ব্যবহার করা যায়।’ তখন আমি ‘হুররর ডাইনে চল ডাইনে চল’, এ রকম শব্দ গানটির মিউজিক পার্টে জুড়ে দিই। এই গানটিও বেশ জনপ্রিয় হয়।
সুরকার আলম খান আমাকে দিয়ে আবদুল্লাহ আল মামুনের সারেং বউ ছবিতে একটি গান গাওয়ান। শহীদুল্লাহ কায়সারের লেখা সেই গানটি ছিল ‘হীরামতি হীরামতি ও হীরামতি, আমি যাব সুধারাম কন্যাবতি’। আলম খান তখন থাকতেন কমলাপুর জসীমউদ্দীন রোডে। সেখানে গিয়ে গানটি তুলেছিলাম। এই গানটি রেকর্ড হয় ইপসা স্টুডিওতে। এই গানটিও বেশ জনপ্রিয় হয়।
সুরকার আলাউদ্দিন আলীর সঙ্গে করা আমার বেশ কিছু গান খুব জনপ্রিয় হয়। এর মধ্যে উল্লেখযোগ্য গাজী মাজহারুল আনোয়ারের লেখা তিনটি গান নাগরদোলা ছবির ‘তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া’, নালিশ ছবির ‘খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে’, ফকির মজনু শাহ ছবির ‘সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে’, আব্দুল হাই আল হাদীর লেখা অন্ধ বধূ ছবির ‘ও যার অন্তরে বাহিরে কোনো তফাত নাই’।
আলী আমার বন্ধুমানুষ। ও গান করার সময় আমাকে বেশ স্বাধীনতা দিত। যে গানটি আমাকে দিয়ে গাওয়াবে সিদ্ধান্ত নিত, সেই গানটি সুর করার পর ও আমাকে ডাকত তার বাড়িতে। আলী তখন থাকত মতিঝিলে, তার বাবার সরকারি বাসায়। সেখানে যাওয়ার পর ও আমাকে প্রথমে গানটা শোনাত। তারপর হারমোনিয়াম ঠেলে দিয়ে বলত, গানটা গা, দেখ কত উপরে স্কেল উঠাতে পারবি। আলীর সুরে আমজাদ হোসেনের লেখা আরেকটি গানের কথা মনে পড়ছে। সখিনার যুদ্ধ ছবির ‘কাউয়ায় কমলা খাইতে জানে না’। এটিও বেশ জনপ্রিয় হয়েছিল।
কুটি মনসুরের লেখা ও সুরে আমার গাওয়া চারটি গানের একটি ডিস্ক বের হয়েছিল। এর মধ্যে দুটি গান বেশ জনপ্রিয় হয়। একটি ‘কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার’ এবং ‘যৌবন জোয়ার একবার আসেরে’।
এ ছাড়া ড. মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা ও আলী হোসেনের সুরে অঙ্গার ছবির ‘আমি পাগল হব, পাগল নেব, যাব পাগলের দেশে’ গানটিও বেশ জনপ্রিয় হয়। ড. মোহাম্মদ মনিরুজ্জামান আমার সরাসরি শিক্ষক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলাম। স্যারের বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের বাসায়ই এই গানটির সৃষ্টি। আমিও তখন সেখানে ছিলাম।