রনবীর বিশ্ব দর্শন ও রম্যকথন ভ্রমণসাহিত্যের উন্নত সংযোজন
চারপাশের দেয়ালে সম্প্রতি প্রয়াত শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের শিল্পকর্ম। গ্যালারির মাঝখানে টেবিল-চেয়ার পেতে আয়োজন গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানের। বইটি ঠিক শিল্পকর্মবিষয়ক নয়, তবে তার বড় একটি অংশজুড়ে আছে শিল্পভাবনা ও শিল্পীদের নিয়ে বিভিন্ন প্রসঙ্গ। বইটি শিল্পী রফিকুন নবীর ভ্রমণবিষয়ক। রনবীর বিশ্ব দর্শন ও রম্যকথন নামের এ বইটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। গতকাল শুক্রবার ছুটির দিনের সন্ধ্যায় বেঙ্গল গ্যালারিতে হলে বইটির প্রকাশনা অনুষ্ঠান। বইটিও যেমন প্রচলিত ধারার ভ্রমণকাহিনির গণ্ডি অতিক্রম করেছে, তেমনি এর প্রকাশনা অনুষ্ঠানও বাংলাদেশের শিল্প-সাহিত্য নিয়ে নানা কৌণিক আলোচনায় হয়ে উঠেছিল গৎবাঁধা মোড়ক উন্মোচন অনুষ্ঠানের চেয়ে ভিন্নতর।প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক সৈয়দ শামসুল হক। তিনি বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রমণসাহিত্যকে যে মানে পৌঁছে দিয়েছিলেন, তার পর আর এ ক্ষেত্রে তেমন উন্নয়ন ঘটেনি। প্রচলিত ভ্রমণকাহিনিগুলোতে লেখকেরা মূলত কোথায় গেলেন, কী কিনলেন, কী খেলেন, কোথায় থাকলেন সেসবের মামুলি বর্ণনা ও নিজেদের ছবি দিয়ে থাকেন। সে ক্ষেত্রে রফিকুন নবীর এ বইটি ব্যতিক্রমী। বইটি ভ্রমণসাহিত্যের উন্নত সংযোজন। তিনি যেসব দেশ ভ্রমণ করেছেন সেখানের মানুষের জীবন ও সংস্কৃতি, শিল্প-সাহিত্য, পরিবেশ এসব বিশেষ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছেন এবং চমৎকার ভাষায় তা উপস্থাপন করেছেন। অধ্যাপক বুলবন ওসমান বলেন, এ বইতে রফিকুন নবী তাঁর ২২টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা সরস বর্ণনায় তিনি যেভাবে উপস্থাপন করেছেন, তা উঁচু মানের সাহিত্যগুণে মণ্ডিত হয়েছে। উপরন্তু এতে যে রেখাচিত্রগুলো তিনি এঁকেছেন, তা বইটির শিল্পমূল্যও বাড়িয়ে দিয়েছে।বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের বলেন, বেঙ্গল ফাউন্ডেশন দেশের শিল্প-সাহিত্যের বিকাশে নানা ধরনের কর্মপ্রয়াস চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে প্রকাশনার উদ্যোগ নেওয়া হয়েছে। বেঙ্গল পাবলিকেশনসের নির্বাহী পরিচালক আবুল হাসনাত বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশনার মধ্য দিয়ে বেঙ্গল পাবলিকেশনসের কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রফিকুন নবীর এ বইটি প্রকাশিত হলো। এ বইতে তিনি বিভিন্ন দেশের মানুষ ও সমাজের বিভিন্ন দিক সহজ-সরল রসাত্মক ভঙ্গিতে বর্ণিত ঘটনাগুলো পাঠকের ভালো লাগবে।সভাপতির বক্তব্যে শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, এ বইতে ১৯৭২ থেকে ২০১২ সাল পর্যন্ত নানা দেশে ভ্রমণের অভিজ্ঞতা আছে। তিনি যেসব আর্টক্যাম্পে গেছেন, তার বর্ণনা আছে। এ দীর্ঘ সময়ে দেশের যে পরিবর্তন ঘটেছে, তার একটি প্রামাণ্যচিত্রও রয়েছে বইতে। আর্টক্যাম্পের আলোচনায় দেশ-বিদেশের চিত্রকলা নিয়ে মূল্যবান মূল্যায়ন রয়েছে।প্রতিক্রিয়া জানাতে গিয়ে রফিকুন নবী বলেন, ‘বিদেশ ভ্রমণের অভিজ্ঞতাগুলো নানা সময় বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছি। অনেকের কাছেই তা ভালো লেগেছিল। বেঙ্গলের তাগাদায় আগের লেখার সঙ্গে নতুন লেখা মিলিয়ে বই আকারে প্রকাশ হলো।’ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা ও সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।