রনি জেমস ডিওকে নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রনি জেমস ডিও
রনি জেমস ডিও

হেভিমেটাল ও হার্ড রক সংগীতজগতে রনি জেমস ডিও এক অসম্ভব শক্তিশালী একজন মানুষের নাম। তিনি এলফ, রেইনবো, ব্ল্যাক স্যাবাথ, হেভেন অ্যান্ড হেল ও নিজের গড়া ‘ডিও’তে গান করে গেছেন।
১৯৪২ সালের ১০ জুলাই তিনি জন্মগ্রহণ করেন। ২০১০ সালের ১৬ মে তিনি পাকস্থলীর ক্যানসারে ভুগে মৃত্যুবরণ করেন। ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করার মধ্য দিয়ে তাঁর ৫৩ বছরের দীর্ঘ সংগীতজীবনের অবসান ঘটে। এ সময়ের মধ্যে তিনি দিয়ে গেছেন হেভিমেটালের ইতিহাসে মাইলফলক হয়ে থাকা অসংখ্য গান। তাঁর শক্তিশালী কণ্ঠস্বর ভক্তদের স্বপ্নেও যেন বেজে ওঠে। ডিওর মৃত্যুর পর হেভিমেটাল ও হার্ড রক জগতে শোকের ছায়া নেমে আসে। তাঁর শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শোক তো আছেই।
রনির দেহত্যাগের প্রায় চার বছর পর তাঁর হেভিমেটাল জগতের সহযাত্রী ও অনুজ সহযোদ্ধারা তাঁর স্মরণে একটি অ্যালবাম করেছেন। রনি জেমস ডিও দিস ইজ ইয়োর লাইফ শিরোনামের অ্যালবামটি গত ৩১ মার্চ বের হওয়ার কথা। ‘দিস ইজ ইয়োর লাইফ’ ডিওর একটি গান, যা অ্যাংরি মেশিনস অ্যালবামে ছিল। রনি জেমস ডিও কণ্ঠ দিয়েছেন, এমন গানগুলো গেয়েছেন বিশ্বের খ্যাতনামা মেটাল দলের ডিও সহযাত্রীরা।

ডিওর সদস্যরা
ডিওর সদস্যরা

রনি জেমস ডিও দিস ইজ ইয়োর লাইফ অ্যালবামটিতে ১৫টি গান স্থান পাবে। যার মধ্যে একটি ডিওর—‘দিস ইজ ইয়োর লাইফ’। এ ছাড়া এখানে যাঁরা রনি জেমস ডিওর গান করেছেন, তাঁদের মধ্যে আছেন অ্যানথ্র্যাক্স, টেনাশিয়াস ডি, অ্যাড্রেনালিন মব, কোরি টেইলর, হেইলস্টর্ম, মোটরহেড, স্করপিয়নস, ডোরো, কিলসুইচ অ্যাঙ্গেজ, গ্লেন হিউজেস, অনি লোগান, রব হ্যালফোর্ড, মেটালিকা ও জ্যাস্তা।
অ্যালবামটি রাইনো রেকর্ডস থেকে বের হওয়ার কথা। অ্যালবাম বিক্রি হওয়ার পর সেই অর্থ জমা হবে ‘রনি জেমস ডিও স্ট্যান্ড আপ অ্যান্ড শাউট ক্যানসার ফান্ড’-এ।

মনোয়ারুল হক