
এ মাসের ১৬ তারিখ ছিল হেভিমেটাল জগতের অন্যতম নক্ষত্র রনি জেমস ডিও-এর চতুর্থ প্রয়াণ দিবস। ২০১০ সালের ১৬ মে এ মহান শিল্পী পাকস্থলীর ক্যানসারের সঙ্গে লড়তে লড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্বের সব প্রান্তের নবীন-প্রবীণ, বিখ্যাত-অখ্যাত মেটাল সংগীতশিল্পী তাঁর কথা সব সময় শ্রদ্ধাভরেই স্মরণ করেন।
১৬ মে ফেসবুকে ঢুকেও দেখা গেল ডিও ভক্তদের নানা রকম স্মৃতিচারণা ও ছবি শেয়ার করা। অনেকের কভার হিসেবেও ডিও-এর ছবি ছিল। রনি জেমস ডিও–এর প্রতি বিভিন্ন বয়সী মানুষের এ ভালোবাসা দেখে বোঝা যায় তিনি কালজয়ী একজন গায়ক।
১৯৪২ সালের ১০ জুলাই আমেরিকার নিউ হ্যাম্পশায়ার-এর পোর্টসমডিথে তিনি জন্মগ্রহণ করেন। রোনাল্ড জেমস প্যাডাভোনা ছিল তাঁর প্রকৃত নাম। তাঁর বাবা–মা আমেরিকায় বসবাসরত ইতালীয় অভিবাসী ছিলেন।
শৈশব থেকে ডিও অনেক অপেরা গান শুনে শুনে বড় হন। আমেরিকান কণ্ঠশিল্পী টেনর মারিও ল্যানজার প্রভাব ছিল তাঁর ওপর৷ বয়স যখন পাঁচ, তখন ডিওকে ট্রাম্পেট বাজানো শেখানো শুরু হয়।
১৯৫৭ সালে ডিও–এর সংগীতজীবন শুরু হয়। তাঁরা কয়েক বন্ধু মিলে ভেগাস কিংস নামে রক-এন-রোল গানের দল গড়ে তোলেন।
১৯৬০ সালে তিনি কোর্টল্যান্ড হাইস্কুল থেকে পড়ালেখা শেষ করেন। পরবর্তীকালে জানা যায় যে তিনি ‘জুলিয়ার্ড স্কুল অব মিউজিক’ থেকে বৃত্তি পেয়েও সেখানে যাননি। কেননা রক-এন-রোল-এর প্রতি তাঁর অপরিসীম ভালোবাসা ছিল।
১৯৬০-১৯৬১ সাল পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অব বাফেলোতে ফার্মেিস নিয়ে পড়াশোনা করেন। তবে সেটা শেষ না করেই তিনি চলে যান তাঁর জীবনের আসল লক্ষ্য সংগীতের দিকে। এ সময়েই তিনি ইতালিয়ান মাফিয়া জনি ডিও-এর নাম অনুসারে ডিও নামটি নিজের সঙ্গে জুড়ে নেন। ষাট ও সত্তরের দশকে ডিও বেশ কিছু সফল গানের দলের সঙ্গে ছিলেন। সত্তরের দশকের মাঝামাঝি তাঁকে নিয়ে রিচি ব্ল্যাকমুর ‘রেইনবো’ নামে কালজয়ী রক দল গড়ে তোলেন। তিনি ব্ল্যাক স্যাবাথে থাকাকালীন হেভিমেটালের অমর নিদর্শনস্বরূপ কিছু গান করে যান। ১৯৮২ সালে তিনি ‘ডিও’ নামেই তাঁর গানের দল গড়ে তোলেন, যেখানে তিনি দেখিয়ে গেছেন হেভিমেটালের চূড়ান্ত নিদর্শন।
তাঁর শক্তিশালী ও সুরেলা কণ্ঠস্বর তাঁকে নিয়ে গেছে অন্য একটা মাত্রায়। আকারে ছোটখাটো হলেও কণ্ঠের জোর দিয়ে তিনি তাঁর জাদুকরি গান দিয়ে জয় করেছেন অসংখ্য শ্রোতার হৃদয়। তাঁর সংগীতজীবনের নিদর্শন—তাঁর গান সারা বিশ্বে ৪৭ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছে।
রনি জেমস ডিও নিয়ে বলতে গেলে অনেক অনেক কথা আসবে। এ স্বল্প পরিসরে তা লিখে শেষ করা সম্ভব না। তবে মেটাল বা রক সংস্কৃতিতে হাত তুলে যে চিহ্ন দেখানোর প্রচলন যা সাধারণভাবে ‘সাইন অব দ্য হর্নস’ বা ‘মেটাল হর্নস’ নামে পরিচিত, তার একজন অন্যতম প্রবর্তক বা পথিকৃৎ তিনি।
রনি জেমস ডিও তাঁর দীর্ঘ সংগীতজীবনে রক ও মেটালভক্তদের জন্য অসংখ্য গান দিয়ে গেছেন। রেইনবো, ব্ল্যাক স্যাবাথের মতো বড় শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন। আর তাঁর স্বনামে গড়া দল ‘ডিও’ তাঁকে করে তোলে আরও দুর্নিবার। মেটালভক্তদের মাঝে রনি জেমস ডিও বেঁচে থাকবেন চিরকাল। কিংবদন্তির মৃত্যু নেই।
মনোয়ারুল হক