
সংগীতশিল্পী রন্টি দাশের জন্ম ও বেড়ে ওঠা পাহাড়ঘেরা চট্টগ্রামে। তাঁর বাবা সুবল কান্তি দাশ ছিলেন চট্টগ্রামের আবাসিক হোটেল ব্যবসায়ী। আর মা লাকী রানী দাশ একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করছেন। সে কারণে শৈশবের পুরো সময়টা তাঁর চট্টগ্রামেই কেটেছে।
রন্টি মীন রাশির মেয়ে। অনেকেরই অজানা যে জনপ্রিয় এই শিল্পী ছোটবেলায় ব্যাডমিন্টন খোলোয়াড় ও বাবুর্চি হতে চেয়েছিলেন।
চট্টগ্রামের অপর্ণা চরণ সিটি করপোরেশন গার্লস হাইস্কুলে ভর্তি হওয়ার মধ্য দিয়ে স্কুলজীবনে পদচারণ এ শিল্পীর।
ছোটবেলায় সংস্কৃতির নানা ক্ষেত্রে বিচরণ থাকলেও সংগীতশিল্পী হবেন—এমন ইচ্ছা কখনোই ছিল না রন্টির।
চট্টগ্রামের অমর একুশে বইমেলার অনুষ্ঠানে গান করে এবং ছবি আঁকার জন্য রন্টি দাশ জীবনের প্রথম পুরস্কার পেয়েছিলেন। আর পুরস্কারগুলো তিনি নিয়েছিলেন বিপ্লবী বিনোদ বিহারীর কাছ থেকে।
স্কুলের সবার কাছে দুষ্টু হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছিলেন এ শিল্পী। আর অঙ্কের শিক্ষক তো তাঁকে ফাঁকিবাজ বলেই ডাকতেন। অঙ্ক এত বেশি ভয় পেতেন যে বেশির ভাগ সময় নানা ছুতোয় অঙ্ক ক্লাস ফাঁকি দিতেন তিনি। তবে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার কারণে তাঁকে সবাই চিনত বলে ফাঁকি দিয়ে রক্ষা হতো না। সপ্তম শ্রেণীতে অঙ্কে সর্বনিম্ন ০৩ নম্বর পেয়েছিলেন। তবে মাধ্যমিক পরীক্ষায় ঠিকই পার হয়েছিলেন অঙ্কের বৈতরণি।
সংগীতশিল্পী হওয়ার কারণে ভক্তদের অটোগ্রাফ শিকারের পাল্লায় হরহামেশাই পড়তে হয় তাঁকে; কিন্তু সংগীতজীবনের শুরুতে রন্টিও ছিলেন অটোগ্রাফ-শিকারি। বিখ্যাত সংগীতশিল্পী প্রবাল চৌধুরীর কাছ থেকে জীবনের প্রথম অটোগ্রাফ পেয়েছিলেন তিনি। এরপর আরও অসংখ্য শিল্পীর অটোগ্রাফ সংগ্রহ করে গেছেন রন্টি।
পূজার জন্য প্রায়ই ফুলের প্রয়োজন পড়ত। চট্টগ্রামে রন্টিদের এনায়েত বাজারের বাসার সামনের একটি বাড়িতে অনেক ফুলের গাছ ছিল। ফুল চুরি করার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠে সামনের টিনের চালে উঠতেন। দেখা যেত টিনের শব্দে ঘুম ভেঙে যেত ওই বাড়ির সদস্যদের। তার পরও ফুল চুরি করে বাড়িতে ফিরতেন তিনি। ফুল চুরির জন্য কুকুরের দৌড়ানিও খেতে হয়েছে তাঁকে।
রন্টিদের বাড়ির একটু সামনে ছিল জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎদের বাসা। ছোটবেলায় তাঁর ভীষণ ভক্ত ছিলেন। কুমার বিশ্বজিৎকে এক নজর দেখার জন্য নানা ছুতোয় তাঁদের বাসায় যেতেন। কয়েকবার দূর থেকে দেখা হওয়ার সুযোগও হয়েছিল। তবে দেখার পর কেন যেন ভয় লাগত। বড় হওয়ার পর যখন কুমার বিশ্বজিৎকে কথাগুলো বলেছিলেন, তখন তিনি খুব মজা পেয়েছিলেন।
রন্টির গাওয়া প্রথম গান ‘সাত ভাই চম্পা’। মাইক্রোফোন ভারী হওয়ার কারণে পুরো গানটি ভুল করেই গেয়েছিলেন তিনি। এরপর মঞ্চ থেকে নেমেই কান্নাকাটি করে গানকে ‘না’ও বলে দিয়েছিলেন।
গ্রন্থনা: মনজুর কাদের