
স্থপতি রফিক আজমের স্থাপত্য নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন ও ইতালির ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা স্কিরা যৌথভাবে প্রকাশ করেছে রফিক আজম: আর্কিটেকচার ফর গ্রিন লিভিং শীর্ষক গ্রন্থ। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার বইটির মোড়ক উন্মোচন করা হবে। একই সঙ্গে দিনব্যাপী ‘গ্রিন আর্কিটেকচার ইন বাংলাদেশ: অ্যা গ্লোবাল পারস্পেকটিভ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের ধারাবাহিকতায় কাল শুক্রবার গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে রফিক আজমের কাজ নিয়ে ‘ওয়াটার ইন লাইট’ শীর্ষক প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
গতকাল বুধবার দুপুরে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বেঙ্গল ফাউন্ডেশন ও সাতত্য আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। সংবাদ সম্মেলনে স্থপতি রফিক আজম, স্থপতি ক্রিস্টোফার বেনিন্জার, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, পরিচালক জিনাত চৌধুরী এবং বেঙ্গল আর্ট লাউঞ্জের ব্যবস্থাপক হেড্রিয়ান ডিয়াজ বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন ও আন্তর্জাতিক সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করবেন নদী ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ, প্রকৌশলী ও ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য আইনুন নিশাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি আবু সাঈদ আহমদ এবং বইটির সম্পাদক স্কিরার ইন্টারন্যাশনাল কমিশনস্ এডিটর রোজা মারিয়া ফালভো। আরও বক্তব্য দেবেন এশিয়ান পেইন্টস লিমিটেডের কান্ট্রি হেড অরূপ চ্যাটার্জি। স্বাগত বক্তব্য দেবেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
এ ছাড়া আগামীকালের ‘ওয়াটার ইন লাইট’ প্রদর্শনীটি স্থপতি রফিকের পরিণত চিন্তা, দর্শন ও কাজ নিয়ে সাজানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শনী উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। প্রদর্শনীটি চলবে ১৬ মে পর্যন্ত।
এর আগে ২০০৮ সালে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে স্থপতি রফিক আজমের কাজের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।