রফিকুন নবীর শিল্পে জীবনের প্রতিচ্ছবি
আকাশে টুকরো টুকরো মেঘ। গাছতলায় বসে বাঁশি বাজাচ্ছে রাখাল। ক্লান্ত দুপুরে গরুর পাল এসে জড়ো হয়েছে সেখানে। গ্রামবাংলার চিরচেনা দৃশ্য। বাংলার নিসর্গ ও জনমানুষের জীবনযাত্রার নানা অনুষঙ্গ নিয়ে প্রধানত চারকোলে অঙ্কনকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন বিশিষ্ট শিল্পী রফিকুন নবী। গতকাল শুক্রবার তাঁর সাম্প্রতিক এসব কাজ নিয়ে একক প্রদর্শনী শুরু হয়েছে ধানমন্ডির গ্যালারি চিত্রকে।‘ড্রয়িং অব রফিকুন নবী’ নামের এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি শিল্পী মুস্তাফা মনোয়ার। সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী। প্রদর্শনী চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। কাজ রয়েছে ৫১টি। এর মধ্য থেকে ২০টি কাজ নিয়ে সংগ্রহে রাখার মতো একটি চমৎকার ফোলিও প্রকাশ করা হয়েছে।আনিসুজ্জামান বলেছেন, রফিকুন নবী সমাজের দিকে তাকান সমাজবিজ্ঞানীর দৃষ্টি নিয়ে। সেই দৃষ্টির সঙ্গে তাঁর নান্দনিক ভাবনার যোগে যে শিল্পকর্ম রচিত হয়, তা অনবদ্য। মুস্তাফা মনোয়ার বলেন, আধুনিকতা দিয়ে মনের তাৎক্ষণিক তাড়নাকে প্রকাশের তাগিদ ও আকুতি রফিকুন নবীর মধ্যে নেই। তিনি দেশের মূলধারার বিষয়কে আত্মস্থ করে তাকে এসব অঙ্কনপ্রধান কাজে রূপায়িত করেছেন।কাইয়ুম চৌধুরী বলেন, এই কাজগুলো দেখে এসে মনে হয়েছে, সারা বাংলাদেশ ঘুরে দেখা হলো। দেশর প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই প্রদর্শনীর কাজগুলো। নিজের কাজ সম্পর্কে শিল্পী বলেন, তিনি শিল্পের যে সমুদ্রে নৌকা ভাসিয়ে ছিলেন ডাঙার সন্ধানে, সেই অভীষ্ট ডাঙার দেখা পাননি এখনো। অঙ্কন তাঁর ভালো লাগার বিষয়। অঙ্কনকে প্রধান করেই বিষয়ভিত্তিক কাজ করেছেন প্রদর্শনীতে। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রকের পরিচালক শিল্পী মনিরুজ্জামান।রফিকুন নবীর এটি নবম একক প্রদর্শনী। চারকোল ছাড়াও কিছু জলরং ও অ্যাক্রেলিক এবং মিশ্রমাধ্যমের কাজ আছে এতে। জেলে, মাছ ধরা, গবাদিপশু, পাখি, নদী, পাহাড়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্তের অভিব্যক্তি তিনি ধরে রেখেছেন স্বতঃস্ফূর্ত শক্তিশালী অঙ্কনে; আছে টোকাই, রবীন্দ্রনাথ ও লালনের প্রতিকৃতি।