রবি চৌধুরীর চট্টমেট্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ছেলে রবি চৌধুরী চট্টগ্রামের আঞ্চলিক গানের অ্যালবাম করবেন না, তা কি হয়? এর আগে বিচ্ছিন্নভাবে চট্টগ্রামের আঞ্চলিক গান করলেও এবারই প্রথম পুরো একটি অ্যালবাম করতে যাচ্ছেন তিনি। নাম চট্টমেট্রো। এটি শিল্পীর ৬০তম একক। চট্টমেট্রো অ্যালবামে মোট গান থাকবে ১০টি। চট্টগ্রামের আঞ্চলিক গান হলেও সবগুলো পুরোপুরি মৌলিক। গানের কথাগুলো লিখেছেন চট্টগ্রামের গীতিকারেরা। তাঁরা হলেন আবদুল গফুর হালিম, এম এন আকতার, আশকার আলী পণ্ডিত, মহিউদ্দীন আল ভান্ডারি ও রবি চৌধুরী নিজেই। এরই মধ্যে রবি চৌধুরী তাঁর নিজের স্টুডিও গানের দোকানে এ অ্যালবামের কাজ শুরু করে দিয়েছেন। দুটি গানের রেকর্ডিংও শেষ হয়েছে। একটিতে রবি চৌধুরীর সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন শাকিলা জাফর। জানা গেছে, বাকি গানগুলোর কাজও খুব শিগগির শেষ হবে বলে জানা গেছে।রবি চৌধুরী জানান, ‘গানের জগতে বেড়ে ওঠার ক্ষেত্রে চট্টগ্রামের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। বিচ্ছিন্নভাবে বিভিন্ন অ্যালবামে চট্টগ্রামের গান করলেও ইচ্ছে ছিল পুরো একটি অ্যালবাম বের করার। বলতে পারেন চট্টমেট্রো অ্যালবামের মাধ্যমে ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। ’চট্টমেট্রো অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করছেন রবি চৌধুরী। আগামী ঈদেই অ্যালবামটি বাজারে আসবে বলে জানিয়েছেন তিনি। রবি চৌধুরীর সর্বশেষ একক অ্যালবাম বের হয়েছিল ২০০৯ সালে। রঙের বন্ধু নামের ওই অ্যালবামটি বাজারে এনেছিল সাউন্ডটেক।