রবি চৌধুরীর ‘চট্টমেট্রো’
রবি চৌধুরী চট্টগ্রামের ছেলে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এর আগে বিচ্ছিন্নভাবে কিছু গান করেছেন। এবার তৈরি করছেন পুরো একটি অ্যালবাম; নাম চট্টমেট্রো। এই অ্যালবামের গানের কথা লিখেছেন আবদুল গফুর হালি, এম এন আকতার, আশকার আলী পণ্ডিত, মহিউদ্দীন আল ভান্ডারি এবং রবি চৌধুরী। সুর ও সংগীত পরিচালনা করছেন রবি চৌধুরী। এরই মধ্যে রবি তাঁর নিজের স্টুডিও ‘গানের দোকানে’ এই অ্যালবামের কাজ শুরু করেছেন। তিনি জানালেন, দুটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। একটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাকিলা জাফর। বাকি গানগুলোর কাজও শিগগিরই শেষ হবে। কারণ, রোজার ঈদে শ্রোতাদের হাতে নিজের একক অ্যালবামটি তুলে দেওয়ার ইচ্ছা রবির।রবি চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় পুরো একটি অ্যালবাম করার স্বপ্ন আমার অনেক দিনের। এবার তা পূরণ হতে যাচ্ছে।’রবি চৌধুরীর সর্বশেষ একক অ্যালবাম ছিল রঙের বন্ধু (২০০৯)। এটি বাজারে এনেছিল সাউন্ডটেক।