রবি-চ্যানেল আই নজরুল মেলা কাল
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জয়ন্তী কাল ২৫ মে। এ উপলক্ষে এবারও ‘নজরুল মেলা’র আয়োজন করেছে চ্যানেল আই। এবারের নজরুল মেলায় চ্যানেল আইয়ের উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে মুঠোফোন প্রতিষ্ঠান রবি। নজরুল মেলা উপলক্ষে এ বছর গবেষণায় রফিকুল ইসলাম ও সংগীতে মুস্তাফা জামান আব্বাসীকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে।নজরুল মেলা উপলক্ষে আজ মঙ্গলবার চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নজরুল মেলার সার্বিক দিক তুলে ধরেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও মুঠোফোন প্রতিষ্ঠান রবির সহকারী ভাইস প্রেসিডেন্ট কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া রিলেশনস মহিউদ্দিন বাবর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নজরুল মেলার আহ্বায়ক কবি আসাদ চৌধুরী ও সমন্বয়ক ইমদাদুল হক মিলন।সংবাদ সম্মেলনে জানানো হয়, কাল বুধবার বেলা ১১টা ১০ মিনিটে চ্যানেল আই চত্বরে মেলার উদ্বোধন করা হবে। এ সময় আজীবন সম্মাননায় ভূষিত ব্যক্তিদের হাতে চেক, ক্রেস্ট, সনদ ও উত্তরীয় তুলে দেবেন ইমপ্রেস গ্রুপের পরিচালক এবং মেলায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০টি স্টল থাকবে। দিনব্যাপী মেলার স্টলগুলোতে প্রদর্শিত হবে নজরুল-সম্পর্কিত নানা তথ্য।উল্লেখ্য, চ্যানেল আইয়ের আয়োজনে এই নজরুল মেলায় এর আগে আজীবন সম্মাননা পেয়েছেন যথাক্রমে সোহরাব হোসেন, সুধীন দাশ ও ফিরোজা বেগম।চ্যানেল আই পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।